জনসংখ্যা মাত্র পাঁচ লাখের কিছু বেশি। নেই বিশ্ব ফুটবলের কোনো বড় ইতিহাস, নেই তারকাখচিত স্কোয়াড। কিন্তু আছে অদম্য সাহস, অসীম আত্মবিশ্বাস আর দেশের জন্য বুকভরা ভালোবাসা।
শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নেমে কেপ ভার্দের ফুটবলাররা যেন নিজেদের জীবনের সেরা লড়াইটাই লড়লেন। পুরো দল রক্ষণে ছিল একেকটি দুর্গের মতো, আর গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ছিলেন এক অবিচল প্রহরী—গোলরক্ষক ভোজিনিয়া। তিনি যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন স্প্যানিশ আক্রমণের সামনে। একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি নিশ্চিত করেন ইতিহাসের অন্যতম স্মরণীয় ড্র।
কিন্তু ম্যাচ শেষে ফুটবলের আনন্দ ছাপিয়ে উঠে আসে এক হৃদয়স্পর্শী মানবিক গল্প।
চোখের জল ধরে রাখতে পারেননি ভোজিনিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “ম্যাচের পর আমি কেঁদেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার দাদা-দাদির কাছে বড় হয়েছি। কিন্তু আজ তারা এখানে থাকতে পারেননি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে থাকতে পারেননি। ভিসা-সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় অর্থের অভাবে সময়মতো সবকিছু করা সম্ভব হয়নি।”
বিশ্বকাপের মঞ্চে স্পেনকে রুখে দেওয়া সেই নায়কের চোখের জল আমাদের মনে করিয়ে দেয়—ফুটবল শুধু গোল, জয়-পরাজয় বা ট্রফির গল্প নয়; ফুটবল মানুষের স্বপ্ন, সংগ্রাম, ত্যাগ এবং ভালোবাসারও গল্প।
আজ কেপ ভার্দে শুধু একটি পয়েন্ট অর্জন করেনি, তারা জয় করেছে কোটি মানুষের হৃদয়।
আশরাফুল ইসলাম আরিফ



