সমাজ

যুক্তরাষ্ট্রে সাতাশ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা || আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মাননা পদক দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF)। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া (ইউপেন), ড্রেক্সেল ইউনিভার্সিটি, টেম্পল ইউনিভার্সিটিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন। একই অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট ব্যক্তি ও একটি বাংলাদেশি সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পেনসিলভেনিয়ার আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় ‘4th BACF Graduation & Reception Awards 2026’। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকসহ চার শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সম্মাননাপ্রাপ্ত ২৭ গ্র্যাজুয়েট হলেন—আয়েশা শম্পা, ইসরাত রিচি, নাজরাতুন শুচি, জাহর ইসলাম, নিশাত তাসনিন, শাফায়েত হাসান, কাজী তাসেন, শামান্তা হৃদিকা, মায়মোনা তালুকদার, ফাহিম ইসলাম ধ্রুব, আবিদ হাসান, ইফতেখার ফারহান, নাফিসা এফ. খান, লাবিক জাইগিরদার, খাদিজা সিদ্দিকী, আনিকা ইসলাম, আনিফুল ইসলাম, মো. নাঈমুর রহমান মজুমদার, তাহরীম ফারুক, রুমাইসা ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আদিত্য শিয়াম, সামিম আরা বেগম, আলভিনা ইউশা, নিশাত আহমেদ, আসেফ আজমাইন ও সাইফ সিদ্দিকী।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পরিবারের সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও কমিউনিটির প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন বক্তারা।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন তাপাদার, ড. মো. খালেকুজ্জামান, ড. ইবরুল চৌধুরী ও আলাউদ্দিন পাটোয়ারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ড. খালেকুজ্জামানকে ‘শিক্ষা ও পরিবেশবিজ্ঞান’, ড. ইবরুল চৌধুরীকে ‘মেডিসিন অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিটি’ এবং আলাউদ্দিন পাটোয়ারীকে ‘যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি’ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন তাপাদারকে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি (BADV)-কে ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট শিক্ষাবিদদের দিকনির্দেশনামূলক বক্তব্য। বক্তব্য দেন আন্তর্জাতিকভাবে পরিচিত স্থপতি ও লেখক ড. কাজী খালিদ আশরাফ, প্রফেসর ফারুক সিদ্দিকী, ড. মো. খালেকুজ্জামান ও প্রফেসর হায়দার আলী। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেন।

বক্তারা বলেন, বাংলাদেশি-আমেরিকান তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য শুধু তাঁদের পরিবার বা কমিউনিটির জন্য নয়, বৃহত্তর সমাজের জন্যও ইতিবাচক অর্জন। তাঁদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন হার্ভার্ড ইউনিভার্সিটির মাস্টার্স শিক্ষার্থী ফাহিম ইসলাম ধ্রুব। প্রাক্তন অভিভাবক ও শিক্ষানুরাগীদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রফেসর খায়ের মোহাম্মদ মিয়া। বর্তমান অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ফারুক সলিমুল্লাহ ও রুমানা আলম। তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও কমিউনিটির অবদানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বের বিষয়টি উঠে আসে।

অনুষ্ঠানে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের ড. নিনা আহমেদ, আপার ডার্বি টাউনশিপের মেয়র এড ব্রাউন, মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর শরীফ স্ট্রিট, স্টেট রিপ্রেজেন্টেটিভ তারিক খান এবং পেনসিলভেনিয়া স্টেট অফিস অব পলিসি অ্যান্ড প্ল্যানিংয়ের সেক্রেটারি আকবর হোসাইনসহ স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফিলাডেলফিয়া সিটি ও পেনসিলভেনিয়া স্টেটের পক্ষ থেকে BACF-এর হাতে প্রো-ক্লেমেশন তুলে দেওয়া হয়। ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের ড. নিনা আহমেদ এবং পেনসিলভেনিয়া স্টেট অফিস অব পলিসি অ্যান্ড প্ল্যানিংয়ের সেক্রেটারি আকবর হোসাইন এ স্বীকৃতিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় স্পন্সর, শিল্পী, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম ও ক্যামেরা টিমসহ বিভিন্ন পর্যায়ের সহযোগীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। বৃহত্তর ফিলাডেলফিয়ার ২০টির বেশি বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদরা শিক্ষার্থী এবং সম্মাননাপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।

আয়োজকরা জানান, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, তাঁদের অর্জনের স্বীকৃতি দেওয়া এবং কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। BACF ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *