ফিলাডেলফিয়া প্রতিনিধি
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি (BADV)-কে ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ সম্মাননা দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF)।
শনিবার (১২ সেপ্টেম্বর) পেনসিলভেনিয়ার আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে আয়োজিত BACF Graduation & Reception Awards 2026 অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। BACF পরিচালনা পর্ষদের পক্ষ থেকে BADV-এর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত BADV যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম প্রাচীন সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জোগাতে প্রবাসীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের সময় তহবিল সংগ্রহ ও বিভিন্ন সহায়তা কার্যক্রমেও সংগঠনটির সদস্যরা অংশ নেন।
স্বাধীনতার পর BADV বাংলাদেশি-আমেরিকানদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করা, বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা, বাংলাদেশের জাতীয় দিবস উদ্যাপন এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ডেলাওয়্যার ভ্যালি অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও সংগঠনটির কার্যক্রম রয়েছে।

ফিলাডেলফিয়ার ঐতিহাসিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পার্কওয়েতে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানোর উদ্যোগেও BADV-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি-আমেরিকানদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে বৃহত্তর মার্কিন সমাজে তুলে ধরার বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত।
অনুষ্ঠানে BADV-র পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সভাপতি সোয়েব আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক ফারুক সিদ্দিকী, অধ্যাপক হায়দার আলী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আহমেদ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।
BADV-র মতো ঐতিহাসিক একটি সংগঠনকে সম্মাননা দিতে পারা BACF-এর জন্যও বিশেষ মর্যাদার বিষয় বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। আয়োজকদের মতে, প্রবাসে বাংলাদেশি সংগঠনগুলোর ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এসব সংগঠনের ইতিহাস ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকা তুলে ধরাই এ সম্মাননার অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা BADV-র দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত সংগঠনটি পাঁচ দশকের বেশি সময় ধরে প্রবাসে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে কমিউনিটির পাশে রয়েছে। BADV-কে দেওয়া এ সম্মাননা প্রবাসে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত একটি ঐতিহাসিক সংগঠনের প্রতি যথাযথ স্বীকৃতি বলেও তাঁরা মন্তব্য করেন।


