রাজনীতি

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে

শেয়ার করুন:
    • চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নিয়ে স্বাস্থ্য ও নিরাপত্তা সহযোগিতায় সক্রিয়

ঢাকা প্রতিনিধি

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমানে নয়াদিল্লি সফরে থাকায় দূতাবাসের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন পেশাদার এই মার্কিন পররাষ্ট্রসেবা কর্মকর্তা।

বাংলাদেশি বংশোদ্ভূত একজন কূটনীতিক হিসেবে ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরপরই স্বাস্থ্য, নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন কার্যক্রমে তাঁর সরাসরি উপস্থিতি দেখা যাচ্ছে।

গত বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে বাংলাদেশ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের দেওয়া ৫ লাখ ডেঙ্গু এনএস১ দ্রুত শনাক্তকরণ পরীক্ষার কিট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ত্রিশিতা মওলা। যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত Strengthening Responses to Infectious Diseases and Epidemics (STRIDES) কর্মসূচির মাধ্যমে এসব কিট বাংলাদেশে সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসাইন এসব কিট গ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কিটগুলো প্রথমে কেন্দ্রীয় ওষুধাগারে সংরক্ষণ করা হবে। পরে চাহিদার ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে বিতরণ করা হবে। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কিটগুলো দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

কে এই ত্রিশিতা মওলা

ত্রিশিতা মওলা একজন ক্যারিয়ার মার্কিন ফরেন সার্ভিস অফিসার। তিনি ২০০৮ সালে ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত সাধারণ কর্মকর্তা হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

এর আগে বাংলাদেশেও কনস্যুলার দায়িত্ব পালন করেছেন তিনি। পরে সুইজারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া ও মন্টেনেগ্রোর রাজধানী পডগোরিৎসায় বিভিন্ন ব্যবস্থাপনা-সংক্রান্ত দায়িত্ব পালন করেন। আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত মার্কিন দূতাবাসেও ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা ত্রিশিতা মওলা বার্নার্ড কলেজ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

স্বাস্থ্য ও নিরাপত্তা সহযোগিতায় সক্রিয়তা

ঢাকায় নতুন দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা খাতেও তাঁর কার্যক্রম শুরু হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদলের বৈঠকে নেতৃত্ব দেন ত্রিশিতা।

বৈঠকে বিশেষায়িত পুলিশিং, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর মধ্য দিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত নেতৃত্বে থাকা ত্রিশিতা মওলার দায়িত্বের পরিধিতে শুধু কূটনৈতিক যোগাযোগ নয়, জনস্বাস্থ্য ও নিরাপত্তা সহযোগিতাও গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট কার্যক্রম থেকে দেখা যাচ্ছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকায় দায়িত্ব নেন এবং ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

বর্তমানে রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে ত্রিশিতা মওলার নেতৃত্বে ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কূটনৈতিক ও দ্বিপক্ষীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *