-
-
- নূর আলম–নয়ন হুদা চ্যাম্পিয়ন, খসরু শেখ–হৃদয় রানারআপ
-
ফিলাডেলফিয়া প্রতিনিধি
বৃহত্তর ফিলাডেলফিয়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আনন্দঘন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। ইসলামিক সেন্টার অব ডেলাওয়ার কাউন্টি (ICDC) Badminton Squad-এর আয়োজনে অনুষ্ঠিত Fall Tournament 2026-এ বিভিন্ন এলাকার বাংলাদেশি খেলোয়াড়রা অংশ নেন।
টুর্নামেন্টের ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নূর আলম ও নয়ন হুদা জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খসরু শেখ ও হৃদয় জুটি রানারআপ হয়।

পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের উৎসাহে ছিল প্রাণবন্ত পরিবেশ। বিভিন্ন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন উপস্থিত দর্শকরা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, প্রবাসে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের সুযোগ সৃষ্টি করে না, বরং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে তাদের কমিউনিটির সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়।
টুর্নামেন্টে স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইসলামিক সেন্টারের মুসল্লি, খেলোয়াড়দের পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং তাদের জন্য আয়োজিত বিভিন্ন খেলাধুলার কার্যক্রম অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী সব খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও বৃহত্তর ফিলাডেলফিয়া বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


