ওয়েস্ট ফিলাডেলফিয়ায় শনিবার ভোরে ওত পেতে চালানো গুলিতে শেন সাইবার নামে ৪০ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক কর্মকর্তা ১২টি গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ৩৫ বছর বয়সী এরিক লুইসের বিরুদ্ধে হত্যা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আহত কর্মকর্তাকে গুলি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাও করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে থাকা আরও নয় কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে তাঁদের হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
শনিবার দুপুরে জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনার সন্দেহভাজন হিসেবে লুইসের নাম প্রকাশ করেন। তিনি ঘটনাটিকে ‘নিষ্ঠুর, অর্থহীন ও ভয়াবহ হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।
৪০ বছর বয়সী শেন সাইবার ফিলাডেলফিয়া পুলিশ বিভাগে ১০ বছর ধরে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে তিনবার গুলিবিদ্ধ এই কর্মকর্তা পরে মারা যান। পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, মৃত্যুর আগে সাইবারের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে তাঁর পাশে থাকতে পেরেছিলেন।
সাইবার সাত বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন। পুলিশ কমিশনার বলেন, এই সময়টি বিভাগের জন্য শোকের, তবে কর্মকর্তারা একসঙ্গে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করবেন।
আহত দ্বিতীয় কর্মকর্তার বয়স ৩৩ বছর এবং তাঁর পাঁচ সন্তান রয়েছে। পুলিশ কমিশনার বেথেল বলেন, তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন, তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
পুলিশ জানায়, রাত ১২টা ২০ মিনিটের কিছু পর নর্থ ৫২তম স্ট্রিটের ১০০ ব্লকে একটি বারান্দায় অস্ত্রধারী এক ব্যক্তির উপস্থিতির খবর পাওয়া যায়। কর্মকর্তারা প্রায় ৩০ মিনিট পর সেখানে পৌঁছান। তাঁরা বারান্দায় পা রাখার পরপরই গুলির ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি একটি গলির দিকে পালিয়ে যান এবং পরে ঘটনাস্থলে আসা আরও কয়েকজন কর্মকর্তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালান। ওই কর্মকর্তাদের কেউ গুলিবিদ্ধ হননি। সন্দেহভাজনকে আটক করতে এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি প্রতিবেশী এলাকায় লকডাউন জারি করা হয়। পরে একটি গাছ থেকে পড়ে যাওয়ার পর তাঁকে আটক করা হয়।
তল্লাশিতে দুটি হ্যান্ডগান ও একটি শটগান উদ্ধার করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, উদ্ধার হওয়া হ্যান্ডগানগুলোর একটি গুলিবিদ্ধ এক কর্মকর্তার অস্ত্র ছিল।
আদালতের নথি অনুযায়ী, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে লুইসের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হামলা-সংক্রান্ত অভিযোগে আগে গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। তিনি ফিলাডেলফিয়া পানি বিভাগে কর্মরত ছিলেন এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৩-এর সদস্য ছিলেন। সংগঠনটির প্রেসিডেন্ট গ্রেগ বোলওয়্যার ঘটনাটিকে হৃদয়বিদারক ও গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং তদন্তে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন।
শেন সাইবারের সম্মানে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।



