সমাজ

মিড-অ্যাটলান্টিক উপকূলে অক্টোবরের নরইস্টার, জোরালো বাতাস ও ঢেউয়ের সতর্কতা

মিড-অ্যাটলান্টিক উপকূলে অক্টোবরের নরইস্টার, জোরালো বাতাস ও ঢেউয়ের সতর্কতা
শেয়ার করুন:

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ধীরগতির অক্টোবরের নরইস্টার ঝড়ে যুক্তরাষ্ট্রের মিড-অ্যাটলান্টিক উপকূলজুড়ে জোরালো বাতাস, বড় ঢেউ এবং উপকূলীয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার ঝড়টি উত্তর ক্যারোলাইনা থেকে ম্যাসাচুসেটসের ন্যানটাকেট পর্যন্ত উপকূলীয় এলাকায় প্রভাব ফেলছে। পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভার্জিনিয়া বিচে মঙ্গলবার সকালে পিয়ারে আছড়ে পড়ে বড় বড় ঢেউ। উপকূলজুড়ে প্রাণঘাতী রিপ কারেন্ট বা স্রোতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে স্থায়ী বাতাস বইছে। কিছু এলাকায় ঝোড়ো বাতাসের গতি ঘণ্টায় ৫০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।

উত্তর ক্যারোলাইনা থেকে নিউ জার্সি পর্যন্ত কয়েকটি উপকূলীয় এলাকায় সৈকত ক্ষয়ের আশঙ্কা রয়েছে। উচ্চ জোয়ারের সময় সমুদ্রের পানির স্তর স্বাভাবিকের তুলনায় ১ থেকে ৩ ফুট বেশি উঠতে পারে। কোনো কোনো এলাকায় প্রায় ৪ ফুট পর্যন্ত ‘ওভারওয়াশ’ হতে পারে, অর্থাৎ সমুদ্রের পানি শুকনো জমির ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

মঙ্গলবার ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউ জার্সি, উত্তর ক্যারোলাইনা ও ডেলাওয়্যারে উপকূলীয় বন্যার সতর্কতা কার্যকর রয়েছে। কয়েকটি সতর্কতা বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকার কথা। আটলান্টিক সিটি ও ভার্জিনিয়া বিচসহ একাধিক শহরে উচ্চ জোয়ারের সময় হালকা থেকে মাঝারি মাত্রার উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিষয়ক পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি দীর্ঘস্থায়ী হলেও এর প্রধান প্রভাব হবে বাতাস ও ঢেউ। ঝড়ের অধিকাংশ বৃষ্টি উপকূলের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ক্যারোলাইনার কিছু এলাকায়, বিশেষ করে নর্দার্ন আউটার ব্যাংকস, হ্যাটেরাস আইল্যান্ড ও ওক্রাকোক আইল্যান্ডে, বাতাসের জন্য পৃথক সতর্কতা জারি করা হয়েছে।

আউটার ব্যাংকসের কিছু অংশ এবং ভার্জিনিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত ডেলমারভা উপদ্বীপের উপকূলে বৃহস্পতিবারের শুরুর দিক পর্যন্ত ৬ থেকে ১২ ফুট উচ্চতার ভাঙা ঢেউ উঠতে পারে। এর ফলে উপকূলীয় সড়ক ও নিচু এলাকায় পানি ঢোকার ঝুঁকি বাড়তে পারে।

উত্তর ক্যারোলাইনার হ্যাটেরাস আইল্যান্ডে মঙ্গলবারও বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ কার্যকর ছিল। আবহাওয়ার অবনতি হওয়ায় এলাকাটির হাইওয়ে ১২ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পিয়া আইল্যান্ড ওয়াইল্ডলাইফ রিফিউজের পিয়া আইল্যান্ড ভিজিটর সেন্টারের কাছে সমুদ্রের পানি প্রতিরক্ষামূলক বালিয়াড়ি অতিক্রম করে সড়কে উঠে আসার পর মহাসড়কটি বন্ধ করা হয়।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভিজিটর সেন্টারের কাছে সড়কের পিচে এখনো ক্ষতি হয়নি। তবে সড়কের পাশের প্রতিরক্ষামূলক বালু মেরামত ও পুনঃস্থাপনের কাজ চলছে। এরপর ভিজিটর সেন্টারের কাছে রাতারাতি ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ফুট প্রতিরক্ষামূলক বালিয়াড়ি পুনর্নির্মাণের কাজ শুরু করার কথা রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *