‘ঝর্ণা আমার আঙুলে’ শীর্ষক আয়োজনে আবৃত্তি, তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা ও সংগীত।
বাংলা কবিতায় আধুনিকতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানকে স্মরণ করে ১১৮ হারভিন রোড, আপারডারবি, পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ঝর্ণা আমার আঙুলে’ শীর্ষক এক বিশেষ সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির জীবন, সাহিত্যকর্ম, ব্যক্তিগত স্মৃতি ও সৃষ্টিশীল উত্তরাধিকারকে কেন্দ্র করে সাজানো এ আয়োজনে ছিল কবিতা আবৃত্তি, তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা, নাট্যকাব্য ও সংগীত পরিবেশনা।
কবি শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকায়। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এ উদযাপনের মূল সুর ছিল কবির কবিতা, জীবনবোধ ও সময়ের সঙ্গে তাঁর সৃষ্টির সম্পর্ককে নতুন করে উপলব্ধি করা।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—
‘মাঝপথেই দাঁড়াবার নিয়েছি ঝুঁকি
নিজ বাসভূমে দুঃসময়ে মুখোমুখি।’
আয়োজকদের পরিকল্পনায় অনুষ্ঠানের নাম, বিভিন্ন পর্বের শিরোনাম ও শ্লোগান শামসুর রাহমানের বইয়ের নাম, লেখার শিরোনাম এবং তাঁর কবিতার শব্দ ও বাক্যবন্ধ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়। কবির বইয়ের শিরোনামগুলোর স্বাতন্ত্র্য ও অসাধারণ ভাষাশৈলীকে এ আয়োজনের অন্যতম অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়।

কবিতায় আশ্রয়, স্মৃতিতে কবি
সন্ধ্যা ৭টায় ‘কবিতা একধরনের আশ্রয়’ শিরোনামে আবৃত্তি পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ পর্বে সুমাইশা খানম আবৃত্তি করেন শামসুর রাহমান রচিত ‘কখনও আমার মাকে’ এবং ‘একটি কবিতার জন্য’ শিরোনামের দুটি কবিতা। ফারুক পলাশ ভুঁইয়া আবৃত্তি করেন ‘তোমাকে পাবার জন্য, হে স্বাধীনতা’ এবং জোহরা খাতুন কলি পরিবেশন করেন ‘এক ধরনের অহংকার’। দিলরুবা আফরোজ রুবা পাঠ করেন দুঃসময়ে মুখোমুখি।
কবি শামসুর রাহমানকে ঘিরে পারিবারিক স্মৃতিচারণের পর ‘একটি ফটোগ্রাফ’ কবিতাটি পাঠ করেন সামসুম মনিরা কস্তুরি। এ পর্বে কবির ব্যক্তিজীবন ও সাহিত্যিক সত্তাকে স্মৃতির আলোকে তুলে ধরার প্রয়াস ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
এ ছাড়া রবার্ট ফ্রস্টের বিখ্যাত ইংরেজি কবিতা Stopping by Woods on a Snowy Evening এবং শামসুর রাহমানের বাংলা অনুবাদ ‘শীত সন্ধ্যায় বনের কিনারে’ পরিবেশন করেন রুমানা আলম। মূল কবিতা ও অনুবাদের পাশাপাশি পাঠের মধ্য দিয়ে দুই ভাষার কাব্যিক সৌন্দর্য ও অনুবাদক হিসেবে শামসুর রাহমানের দক্ষতা তুলে ধরা হয়।
‘শামসুর রাহমানের কাজলরেখা সিনড্রোম’ শিরোনামের লেখাটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। এটি পাঠ করেন অভিষেক চৌধুরী।

তথ্যচিত্রে কবির জীবন ও সময়
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শুরু হয় ‘কালের ধূলোয় লেখা’ শিরোনামের তথ্যচিত্র প্রদর্শনী। এ পর্বে দেখানো হয় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্মিত ‘আধুনিকতার কবি শামসুর রাহমান’ শীর্ষক তথ্যচিত্র।
আয়োজকদের মূল্যায়নে, তথ্যচিত্রটি কবির জীবন ও সাহিত্যকর্মের একটি ভারসাম্যপূর্ণ পরিচিতি তুলে ধরে। আশিক রহমান ও মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েলের সক্রিয় উদ্যোগে বিজ্ঞাপনমুক্ত সংস্করণটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এ উদ্যোগের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আলোচনা ও স্মৃতির সেতুবন্ধ
রাত ৮টা ১৫ মিনিটে শুরু হয় ‘টুকরা কিছু সংলাপের সাঁকো’ শিরোনামের আলোচনা ও আড্ডা। মূল আলোচনা উত্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধবচন্দ্র দাস। সম্পূরক আলোচনায় অংশ নেন আলী সিদ্দিকী, কাউসারী মালেক রোজী ও বদরুজ্জামান আলমগীর।
আলোচনা পর্বে কবির সাহিত্যকর্ম, আধুনিক বাংলা কবিতায় তাঁর অবস্থান এবং ব্যক্তি ও সমাজের সঙ্গে কবিতার সম্পর্ক নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। কবির সৃষ্টিকে শুধু স্মরণ নয়, নতুন করে পাঠ ও বিশ্লেষণের মধ্য দিয়ে অনুধাবন করাই ছিল এ পর্বের মূল তাৎপর্য।

‘তিনটি গোলাপ’ নাট্যকাব্যে কবির সৃষ্টির মঞ্চায়ন
রাত ৯টা ১৫ মিনিটে শুরু হয় ‘ফিরিয়ে নাও ঘাতক কাঁটা’ শিরোনামের নাট্যকাব্য পর্ব। এতে মঞ্চস্থ হয় শামসুর রাহমান রচিত নাট্যকাব্য ‘তিনটি গোলাপ’।
কথনাভিনয়ে অংশ নেন মুরাদ হোসেন, অভিষেক চৌধুরী, ফারুক সলিমুল্লাহ, রুমানা আলম, নান্না শাফি, মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল, সামসুম মনিরা কস্তুরি, হেনা হোসেন ও নার্গিস পারভীন।
নাট্যকাব্যে কবির ‘রাত্রির তৃতীয় যামে’ কবিতাটি অনেকটা বন্দনার আবহে সংযোজন করা হয়। আবৃত্তি, কথন ও মঞ্চাভিনয়ের সমন্বয়ে কবির সাহিত্যকে ভিন্ন এক শিল্পমাধ্যমে উপস্থাপনের প্রয়াস ছিল এ আয়োজন।

গানে গানে সমাপ্তি
রাত ৯টা ৪৫ মিনিটে ‘ তারায় তারায় রটিয়ে দেবো’ শিরোনামের সংগীত পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি পর্ব শুরু হয়। এতে গান পরিবেশন করেন মুরাদ হোসেন, মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল, সাধন সরকার, নান্না শাফি, সাইমা আফরোজ নীরু ও বিপ্লব হোসেন।
কবিতা, স্মৃতিচারণ, তথ্যচিত্র, আলোচনা, নাট্যকাব্য ও সংগীত—বিভিন্ন শিল্পমাধ্যমের সম্মিলনে ‘ঝর্ণা আমার আঙুলে’ আয়োজনটি শামসুর রাহমানের সাহিত্য ও জীবনবোধকে বহুমাত্রিকভাবে তুলে ধরার প্রয়াস হিসেবে পরিকল্পিত হয়।
কবির জন্মদিনকে কেন্দ্র করে এমন আয়োজন বাংলা কবিতার পাঠক ও নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্মকে নতুন করে পরিচিত করার পাশাপাশি কবিতা, স্বাধীনতা, মানবিকতা ও স্বদেশচেতনা নিয়ে ভাবনার পরিসরও তৈরি করে।
পুরো প্রোগ্রামটি সঞ্চালনা করেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ।
প্রতিবেদনপ্রণেতা আশরাফুল ইসলাম আরিফ
লেখক ও সম্পাদক, ফিলাডেলফিয়াপত্রিকা



