বিজ্ঞান

যুক্তরাষ্ট্রে রোববার শেষ হচ্ছে ডে-লাইট সেভিংস টাইম

শেয়ার করুন:

এক ঘণ্টা পিছিয়ে যাবে ঘড়ির কাঁটা, বাড়বে ঘুমের সময়; ফিরবে শীতকালীন সময়

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে চলতি বছরের ডে-লাইট সেভিংস টাইম (Daylight Saving Time—DST) শেষ হচ্ছে আগামী রোববার, ১ নভেম্বর। এদিন স্থানীয় সময় রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হবে। ফলে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় মানুষ অতিরিক্ত এক ঘণ্টা সময় পাবেন। একই সঙ্গে শুরু হবে স্ট্যান্ডার্ড টাইম, যা সাধারণভাবে শীতকালীন সময় হিসেবে পরিচিত।

শনিবার দিবাগত রাত শেষে রোববার ভোরে এই সময় পরিবর্তন কার্যকর হবে। অর্থাৎ শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘড়ির সময় এক ঘণ্টা পিছিয়ে নেওয়া যেতে পারে। তবে অধিকাংশ স্মার্টফোন, কম্পিউটার ও ইন্টারনেট-সংযুক্ত ডিজিটাল ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে সময় পরিবর্তন করবে।

ডে-লাইট সেভিংস টাইম চলাকালে দিনের আলো বেশি সময় কাজে লাগানোর উদ্দেশ্যে ঘড়ির কাঁটা বসন্তকালে এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়। আবার শরৎকালে এক ঘণ্টা পিছিয়ে দিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফিরে আসা হয়। যুক্তরাষ্ট্রে সাধারণত মার্চের দ্বিতীয় রোববার ডে-লাইট সেভিংস টাইম শুরু হয় এবং নভেম্বরের প্রথম রোববার শেষ হয়।

এবার ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) কার্যকর হবে। ফলে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ার সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ১০ ঘণ্টা থেকে বেড়ে ১১ ঘণ্টা হবে। অর্থাৎ বাংলাদেশে যখন দুপুর ১২টা, তখন যুক্তরাষ্ট্রের এসব এলাকায় রাত ১টা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *