আধুনিক ও রাগাশ্রয়ী বাংলা গানে মুগ্ধ প্রবাসী শ্রোতারা, NAFA-র লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন অনিন্দিতা কাজী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার হানিব্রুকে ভারতীয় বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জির একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল গত বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, সন্ধ্যায়। প্রকৌশলী ফেরদৌস জানের বাসভবনস্থিত উন্নত শব্দ-প্রকৌশলযুক্ত প্রেক্ষাগৃহে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক ও রাগাশ্রয়ী বাংলা গান পরিবেশন করে উপস্থিত প্রবাসী সংগীতপ্রেমীদের মুগ্ধ করেন শিল্পী।

নজরুল একাডেমি অব ফাইন আর্টসের (NAFA) পৃষ্ঠপোষকতায় ‘শুভমিতা ব্যানার্জি—লাইভ ইন কনসার্ট’ শীর্ষক এ অনুষ্ঠানে বৃহত্তর ফিলাডেলফিয়া ছাড়াও ডেলাওয়্যার ও নিউ জার্সির বিভিন্ন শহর থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠক ও সংগীতপ্রেমীরা অংশ নেন।

সন্ধ্যা ৭টায় NAFA-এর প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী ফেরদৌস জানের শুভেচ্ছা বক্তব্য ও অতিথিদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সংগীতানুষ্ঠানে শুভমিতা ব্যানার্জি তাঁর জনপ্রিয় আধুনিক গানগুলোর পাশাপাশি কিছু মনোগ্রাহী রাগাশ্রয়ী বাংলা গানও পরিবেশন করেন। তাঁর পরিবেশিত উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল ‘দেখেছ কি তাকে’, ‘যদি বন্ধু হও’, ‘চোখেরই পলকে এত কাছে কখন এলে যে তুমি’, ‘হয়তো যাবে ভুলে’ এবং ‘যেভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটা’। একের পর এক পরিচিত গান ও সুরেলা পরিবেশনায় শ্রোতারা মুগ্ধ হন। পুরো আয়োজনজুড়ে তৈরি হয় প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ।

শুভমিতা ব্যানার্জি শৈশব থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তাঁর বাবা শাস্ত্রীয় সংগীতশিল্পী যশোদা দুলাল দাসের কাছে সংগীতে হাতেখড়ি। পরবর্তী সময়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একাধিক বিশিষ্ট গুরুর কাছে তালিম নেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে প্রায় এক ডজন বাংলা গানের অ্যালবাম প্রকাশের পাশাপাশি দুই শতাধিক টেলিভিশন ধারাবাহিক, টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিকে কণ্ঠদানের জন্য সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন বলে তাঁর প্রকাশিত জীবনীতে উল্লেখ রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে উপস্থিত হন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। তিনি নজরুল একাডেমি অব ফাইন আর্টসের (NAFA) প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য, পথচলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে সংগীত, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করেন।

বক্তারা বলেন, প্রবাসে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়; বাংলা ভাষা, গান ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ও সংযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রকৌশলী ফেরদৌস জান।

আয়োজক : নজরুল একাডেমি অব ফাইন আর্টস (NAFA)।
লেখক ও সম্পাদক, ফিলাডেলফিয়াপত্রিকা



