রাজনীতি

আদালতের রায়ে মেয়র হওয়ার পথে মুহিত মাহমুদ

শেয়ার করুন:

হ্যামট্রামেক নির্বাচনে ১২ ভোটে এগিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, ৩৭টি ব্যালট সার্টিফাইয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির মেয়র নির্বাচন নিয়ে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদের পক্ষে রায় দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি জানান, মেয়র পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বসবাসের যোগ্যতা রয়েছে তাঁর। একই সঙ্গে বিতর্কিত ৩৭টি ব্যালটের ফলাফল আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করার নির্দেশ দেন আদালত।

স্থানীয় সংবাদমাধ্যম ক্লিকঅনডেট্রয়েটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের কার্যালয়ে ৩৭টি ব্যালট পাওয়া যায়। এসব ব্যালট নিয়ে আইনি বিরোধের পর আদালতের নির্দেশে গত ১৬ অক্টোবর সেগুলো গণনা করা হয়। সংশোধিত ফলে মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট, আর বর্তমান মেয়র অ্যাডাম আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। অর্থাৎ ১২ ভোটে এগিয়ে রয়েছেন মাহমুদ।

তবে তাঁর স্ত্রী ও সন্তানদের ট্রয় সিটিতে বসবাস এবং অন্য শহরে বাড়ি থাকার বিষয়টি তুলে ধরে আবাসিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে বিচারক জানান, এসব কারণে মাহমুদ হ্যামট্রামেকের মেয়র পদে দায়িত্ব পালনের অযোগ্য হন না।

আদালতের এই রায়ে মুহিত মাহমুদের মেয়র হওয়ার পথে বড় আইনি বাধা দূর হয়েছে। তবে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে মেয়র ঘোষণা করা হয়নি। ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স নির্বাচনের সংশোধিত ফলাফল সার্টিফাই করলেই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *