রাজনীতি সংবাদ

ডেলাওয়্যারে বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ৬

শেয়ার করুন:

গুরুতর আহত বাংলাদেশি বংশোদ্ভূত তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম, অবস্থা সংকটাপন্ন

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে হ্যালোইন উৎসবের রাতে বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন কিশোর। তাঁদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম(ফিন‍্যান্স) তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন (ক্রিটিক্যাল)।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার কিছু পরে নিউয়ার্ক শহরের ইস্ট মেইন স্ট্রিট ও চোয়েট স্ট্রিটের সংযোগস্থলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। হ্যালোইন উদ্‌যাপন উপলক্ষে ওই সময় এলাকাটি তরুণ-তরুণীদের ভিড়ে মুখর ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১৫ ও ১৬ বছর বয়সী তিন কিশোর, ১৯ ও ২০ বছর বয়সী দুই যুবক এবং ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।

আহত বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল ইসলাম নর্থ ডেলাওয়্যারে বসবাস করেন পরিবারের সাথে। তাঁর পিতার নাম সাইদুল ইসলাম এবং পরিবারের দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। হামলার সময় তাঁর শরীরের ফুসফুসের অংশে (লাং) গুলি লাগে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে হামলার পেছনের কারণ এবং অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।

ঘটনার পর পুলিশি তদন্ত ও নিরাপত্তার স্বার্থে ইস্ট মেইন স্ট্রিটের একটি অংশ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। পরিস্থিতির কারণে সোমবার (২ নভেম্বর) ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের সব ক্লাস বাতিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো চলমান নিরাপত্তাঝুঁকি নেই।

এদিকে, বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল ইসলামের সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবার, স্বজন ও কমিউনিটির পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *