রাজনীতি

চীনে ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের ঐতিহাসিক বৈঠক আগামী সপ্তাহে

চীনে ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের ঐতিহাসিক বৈঠক আগামী সপ্তাহে
শেয়ার করুন:

আগামী সপ্তাহে চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, এ বৈঠকে ট্রাম্প বিশ্বের পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তাঁর ভাষ্য, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

বৈঠকে ইরান নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে ইউক্রেন প্রসঙ্গ আলোচনায় থাকবে না বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। চীন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার পর কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে না। তবে বৈঠকটি বিশ্বের তিন বড় পারমাণবিক শক্তির নেতাদের একসঙ্গে বসার বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন। সেখানে ২১ সদস্যের দুই দিনব্যাপী এপেক সম্মেলনে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে ট্রাম্প ও শির চতুর্থ বৈঠক।

ওয়েলস বলেন, চীন সফর শেষে ট্রাম্প যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তাঁর মতে, এ সফরের মাধ্যমে আমেরিকার জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য অর্জন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার দুটির ওপর বড় ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা আর কার্যকর নেই। শীতল যুদ্ধের উত্তেজনা কমাতে যে অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতা ভূমিকা রেখেছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারও অবসান ঘটে।

জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি কাঠামোতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। ট্রাম্প অবশ্য বলেছেন, তিনি আগের চুক্তির পরিবর্তে আরও ভালো একটি সমঝোতা করতে পারেন, যাতে চীনও অন্তর্ভুক্ত থাকবে। সাম্প্রতিক সময়ে চীন নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে। তবে সাবেক মার্কিন কর্মকর্তারা ও বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে কয়েক বছর লেগে যেতে পারে।

চীন ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কোর জন্য বেইজিং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়।

এদিকে ট্রাম্প ও শি চলতি বছর বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ বৈঠকে তুলনামূলক উষ্ণ সম্পর্কের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্যের প্রতিযোগিতা এবং তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বড় অগ্রগতি এখনো দেখা যায়নি। ইরান-সংক্রান্ত যুদ্ধও আলোচনার একটি জটিল বিষয় হয়ে রয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শি এপেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে জানিয়েছিলেন, সম্মেলনে এমন আলোচনার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *