কবিতা সাহিত্য

মিরাকল ও অন্যান্য কবিতা || শানারেই দেবী শানু

শেয়ার করুন:

ভালোবাসার গর্জন
নিবিড় ধ্যানমগ্ন হয়ে

ঈশ্বরের কাছে
প্রকৃতির কাছে
জলের কাছে

সেদিন ভালোবাসাকে প্রার্থনায় চেয়েছিলাম।

দীর্ঘ ধ্যানের পর
চোখ মেলে তাকিয়ে দেখি

ভালোবাসা আমার সম্মুখে
সমুদ্রের মতো গর্জন তুলে
ঢেউয়ের মতো দুলে দুলে হাসছে।
এ কী তবে প্রকৃতির উপহার?
নাকি ভালোবাসাকে পাবার অদম্য ঈপ্সা?

ভালোবাসাকে স্বচ্ছ জলের মতো
পরানভরে হাসতে দেখেছি সেদিনই প্রথম।

 

 

মিরাকল
সময়ের পৃষ্ঠায় তোমাকে একটু একটু লিখে যাচ্ছি
আর তুমি হাসতে হাসতে একেকটা পূর্ণাঙ্গ কবিতা হয়ে যাচ্ছ…

কী আশ্চর্য!
একটা মি রা ক্ ল ঘটে যাচ্ছে!

 

 

জন্মান্ধ ভালোবাসা
অদ্ভুত জ্বরের ঘোরে প্রলাপ চোখে

তোমাকেই খুঁজে চলেছি,জনমভর।
অথচ অমাবস্যার তারাহীন তমসা রাতে
তোমার চোখের তারায় নিস্তব্ধ অন্ধকার।
সহস্র বর্ষের ক্ষতবিক্ষত হৃদয়ের ক্ষরণে
রক্তাক্ত একজোড়া ডাগর নয়ন।
অভিমানের বুলডোজারের চাপায়
মৃত লাশের তীব্র চিৎকার।
আমি তাকাই, শুধু হাহাকার দেখি
বিগত স্মৃতির কবর দেখি,
আততায়ীর কঙ্কাল দেখি,
স্বপ্নহীন ছন্নছাড়া এক সন্ন্যাসীর মতো,
যে মরুভূমির রাতে তৃষ্ণার্ত চোখে
আলো খুঁজে চলেছে লক্ষ আলোকবর্ষ জুড়ে।
আমি নিজেকে লুকাই,
অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না আমায়।
হয়তো-বা আমিই সত্যি আলোর মশাল জ্বালিয়ে
দিকভ্রান্ত পথিকের গন্তব্য নির্ধারণ করতে পারিনি।
শব্দস্বপ্নের মায়াজালে তীব্র হাওয়ার গতিতে
উড়িয়ে নিয়ে যেতে পারিনি কোনো এক স্বপ্নদ্বীপে।
অথবা ভালোবাসার জ্বলজ্বলে নিশানায়
মুছে দিতে পারিনি বিস্মৃত ব্যথার বধ্যভূমি
জয় করে নিতে পারিনি পূর্ণাঙ্গ হৃদয়-অঞ্চল।
ভালোবাসার চোখের তারায় স্পষ্টাক্ষরে,
প্রতিফলনে নিজেকে দেখা যাবে ঠিক তখন
ভালোবাসার রাঙা আলোয় অন্ধকার পালাবে যখন।
মিথ্যে দুনিয়ার রঙমাখা আলোয়
অভিমানী পাহাড়ের বুক চিরে ঝরে পড়া
ঝর্ণাধারাকে মিথ্যে অশ্রু যেন মনে না হয়,
তাই অক্ষমতার,ব্যর্থতার মলিন চাদরে ঢেকে
নিজেকে আড়াল করে জ্বরের প্রলাপে বকি—

ভালোবাসা, তুমি কি তবে এক আজন্ম মরীচিকাঘোর
যার মায়াতে জন্মজন্মান্তর জ্ন্মান্ধের মতো বেঁচে থাকি!

 

 

হৃদয়ের ভূমিকম্প
কোনো ভূকম্পনই আমার হিমঘুম ভাঙাতে পারেনি,
শুধু তোমার হৃদয়ের তীব্র কম্পন ছাড়া…

বিজ্ঞান বলেছে, ভূপৃষ্ঠে প্রবল কম্পন অনুভূত হলেই ভূমিকম্প হয়।
ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় কোনো শিলাচ্যুতি ঘটলে ভূকম্পন হয়।
তবে কি কাছের মানুষ হারালেই শুধু হৃদয়ভূমির কম্পন হয়?

তোমার হৃদয়ের ভূমি হয়তো
আজো কোনো স্মৃতির কম্পনে দুলতে থাকে
বিভ্রান্ত পেন্ডুলামের মতন।
আমার হৃৎকম্পনের রিখটার স্কেল হয়তো ছুঁতে পারেনি
এখন অব্দি তোমার হৃদয়ের মূল কেন্দ্রস্থল।
হয়তো স্মৃতির দোলাচল ভেদ করে আমার হৃদয়ের তরঙ্গ পৌঁছে যেতে পারেনি আমাদের অনাগত স্বপ্নের সীমানায়।
হৃদয়ের প্রবল কম্পনের ঝাঁকুনি কি তবে
শুধু প্রিয়জন হারালেই অনুভূত হয়?
অথচ আমি তো চেয়েছি ভালোবাসার তীব্র কম্পনে যেন আমাদের প্রতিটা ভোর হয়।

 

 

মানুষ নামের কীটপতঙ্গ
আমরা আদতে মানুষ নামের

একটা বড়সড় কীটপতঙ্গ
নিয়তির ঝড়ে কখন কোথায় উড়ে যাব না-জেনেই
হাসিমুখে নির্বাক তাকিয়ে দেখি
শুধু জীবন-আকাশের রঙ্গ।

শানারেই দেবী শানু । কবি, কথাসাহিত্যিক ও অভিনয়শিল্পী

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *