রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমার দায়ী—ঐতিহাসিক এক রায়ে এমন সিদ্ধান্ত দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর deliberation বা বিচারিক পর্যালোচনার পর বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া তিন ঘণ্টার রায়ে সিদ্ধান্তটি পড়েন।
১৫ বিচারকের প্যানেলের মধ্যে ৯ জন মিয়ানমারের গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে মত দেন। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের জন্য মিয়ানমারের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে আইসিজে রায় দিল। আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম সহিংসতা করেছে। রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে সেখানে অ-রোহিঙ্গাদের পুনর্বাসন করা হয়েছে। সামরিক বাহিনী রোহিঙ্গাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে এবং উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের ‘অমানবিক’ ও সহিংস হুমকি হিসেবে তুলে ধরে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন।
আদালত আরও বলেছে, রোহিঙ্গা শিশুদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ড ওই জনগোষ্ঠীর মধ্যে জন্ম ঠেকানোর অভিপ্রায়ের প্রমাণ দেয়। সামরিক বাহিনী জানত যে সশস্ত্র বেসামরিক ব্যক্তি ও সহযোগী মিলিশিয়ারা অভিযানে অংশ নেওয়ার ফলে গণহত্যার ঝুঁকি তৈরি হয়েছে। তারপরও তা ঠেকাতে ব্যর্থ হওয়ায় মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
আইসিজে মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ, দায়ীদের তদন্ত, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে একই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে নিশ্চয়তা দেওয়ার কথাও বলা হয়েছে। ক্ষতিপূরণের আওতায় রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তন সহজ করা, ধ্বংস হওয়া সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা পুনর্নির্মাণ, নিখোঁজদের সন্ধান এবং যথাযথ দাফনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মনস্তাত্ত্বিক পুনর্বাসন এবং নিপীড়ন থেকে সুরক্ষার ব্যবস্থাও করতে হবে।
ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ এখনই নির্ধারণ করেনি আদালত। তবে মিয়ানমারকে দুই বছরের মধ্যে একটি বাস্তবায়ন পরিকল্পনা-সংবলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দেশটির প্রতিবেদন দেওয়ার সময়সীমা ২০২৮ সালের নভেম্বর। আইসিজের নিজস্ব রায় কার্যকর করার ক্ষমতা না থাকলেও গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরে পদক্ষেপ চাইতে পারে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই অভিযানের প্রাথমিক পর্যায়ে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গণহত্যা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগের পাশাপাশি পালানোর সময় নৌকাডুবিতে আরও অনেকে মারা যান। বর্তমানে বাংলাদেশে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে; মিয়ানমারে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়ে গেছে প্রায় ৫ লাখ ২০ হাজার।
রোহিঙ্গা অধিকারকর্মীরা রায়কে দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তবে মিয়ানমারের চলমান অস্থিরতা, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ রয়েছে। রায় বাস্তবায়ন এবং ২০২৮ সালের মধ্যে মিয়ানমার প্রয়োজনীয় প্রতিবেদন দেয় কি না, এখন সেদিকেই নজর থাকবে।



