বিজ্ঞান

কানাডার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত বাংলাদেশি বংশোদ্ভূত ড. প্রোটন রহমান

শেয়ার করুন:

আর্থ্রাইটিস চিকিৎসা ও গবেষণা এবং করোনা মহামারি মোকাবিলায় বিশেষ অবদানের স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব কানাডার সদস্য (C.M.) হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট চিকিৎসক ও গবেষক ডা. আলআমিন প্রোটন রহমান। আর্থ্রাইটিসের চিকিৎসা ও গবেষণায় অসামান্য অবদান এবং করোনা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মান দেওয়া হয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন তাঁর নাম ঘোষণা করেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর সরকারকে বৈজ্ঞানিক পরামর্শ দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

১৯৬৭ সালে প্রবর্তিত ‘অর্ডার অব কানাডা’ দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মান। এ সম্মানপ্রাপ্ত ব্যক্তিরা নামের শেষে ‘সি.এম.’ (C.M.) উপাধি ব্যবহার করতে পারেন।

ড. প্রোটন রহমানের পৈতৃক নিবাস বাংলাদেশের বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে। তাঁর বাবা অধ্যাপক আজিজুর রহমান ছিলেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক।

বাবার কর্মস্থল মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকেই চিকিৎসাশিক্ষা সম্পন্ন করেন প্রোটন রহমান। পরবর্তী সময়ে টরন্টো বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজিতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে ১৯৯৯ সালে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও গবেষণায় যোগ দেন।

চিকিৎসাবিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি কানাডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশনের ‘ডিসটিংগুইশড ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড’ এবং ২০২২ সালে ‘অর্ডার অব নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর’ সম্মাননা লাভ করেন। ২০২৬ সালে মেমোরিয়াল ইউনিভার্সিটি তাঁকে বর্ষসেরা প্রাক্তন শিক্ষার্থী নির্বাচিত করে।
বর্তমানে ডা. প্রোটন রহমান নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর হেলথ সার্ভিসেসের রিউমাটোলজি বিভাগের প্রধান এবং মেমোরিয়াল ইউনিভার্সিটির জন লুইস প্যাটন ডিস্টিংগুইশড ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এই চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের অর্জনের তালিকায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *