ডেলাওয়্যার নদীর বুকে পেটিস আইল্যান্ডের বিচিত্র ইতিহাস; আদিবাসীদের আবাসভূমি থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির শিল্পাঞ্চল, এবার প্রকৃতি সংরক্ষণের অপেক্ষা
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের একেবারে পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক ডেলাওয়্যার নদী। এই নদীর বুকেই রয়েছে এক দ্বীপ, যার ইতিহাস যেমন বিস্ময়কর, তেমনি এর মালিকানা নিয়েও রয়েছে চমকপ্রদ তথ্য। ফিলাডেলফিয়ার ফিশটাউন ও পোর্ট রিচমন্ড এলাকার খুব কাছাকাছি অবস্থিত হলেও দ্বীপটি ফিলাডেলফিয়া কিংবা পেনসিলভানিয়ার অংশ নয়। প্রশাসনিকভাবে এটি প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যের পেনসকেন টাউনশিপের অন্তর্ভুক্ত।
দ্বীপটির নাম পেটিস আইল্যান্ড (Petty’s Island)। ফিলাডেলফিয়ার নদীতীর কিংবা ঐতিহাসিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সেতু থেকে দ্বীপটি দেখা যায়। অথচ অনেক স্থানীয় বাসিন্দাই জানেন না, তাঁদের শহরের এত কাছে থাকা দ্বীপটির রয়েছে কয়েক শতাব্দীর ইতিহাস এবং আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের এক ব্যতিক্রমী অধ্যায়।

আদিবাসীদের দ্বীপ থেকে শিল্পাঞ্চল
ইউরোপীয় বসতি স্থাপনের বহু আগে স্থানীয় লেনাপে আদিবাসীদের কাছে দ্বীপটি ‘শাকাম্যাক্সন আইল্যান্ড’ (Shackamaxon Island) নামে পরিচিত ছিল।
পরবর্তী কয়েক শতাব্দীতে দ্বীপটির ব্যবহার বারবার পরিবর্তিত হয়েছে। কখনো এটি ছিল কৃষিজমি, কখনো আত্মগোপনের স্থান, আবার কখনো জাহাজ নির্মাণ ও মেরামতের কেন্দ্র। শিল্পায়নের যুগে দ্বীপটি পরিণত হয় গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে।
একপর্যায়ে দ্বীপজুড়ে নির্মিত হয় বিশাল আকৃতির তেল সংরক্ষণাগার। দীর্ঘ কয়েক দশক ধরে সেখানে কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান সিটগো (CITGO)।
ফিলাডেলফিয়ার পাশেই ভেনেজুয়েলার মালিকানাধীন সম্পত্তি
পেটিস আইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়গুলোর একটি হলো ভেনেজুয়েলার সঙ্গে এর সম্পর্ক।
সিটগো ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির নিয়ন্ত্রণে থাকায় দ্বীপটির শিল্পসম্পত্তির মালিকানার সঙ্গে দেশটির সরাসরি সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পাশেই ডেলাওয়্যার নদীর একটি দ্বীপ দীর্ঘদিন ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।
তবে দ্বীপটি কখনো ভেনেজুয়েলার সার্বভৌম ভূখণ্ড ছিল না। এর প্রশাসনিক ও ভৌগোলিক অবস্থান সব সময়ই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের মধ্যে ছিল।

শিল্পকারখানা বন্ধের পর ফিরে আসে প্রকৃতি
সিটগোর শিল্প কার্যক্রম বন্ধ হওয়ার পর ধীরে ধীরে দ্বীপটির পরিবেশে পরিবর্তন আসতে শুরু করে। মানুষের আনাগোনা ও শিল্পকারখানার কার্যক্রম কমে যাওয়ায় সেখানে বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর বিচরণ বাড়ে।
এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত বল্ড ঈগল বা সাদা মাথার ঈগলও দ্বীপটিতে বাসা বাঁধতে শুরু করে।
একসময় তেলের বিশাল সংরক্ষণাগারে ঘেরা দ্বীপটি এভাবেই ধীরে ধীরে বন্যপ্রাণীর আশ্রয়স্থলে পরিণত হতে থাকে।
প্রকৃতি সংরক্ষণের উদ্যোগে হুগো শাভেজের সম্মতি
২০০৯ সালে দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিটগো দ্বীপটি নিউ জার্সি অঙ্গরাজ্যকে দান করতে সম্মত হয়, যাতে এটিকে স্থায়ী প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলা যায়।
এই উদ্যোগে সম্মতি দিয়েছিলেন তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।
তবে দ্বীপটির দীর্ঘ শিল্প ইতিহাসের কারণে সেখানে পরিবেশদূষণ ও দূষিত ভূমি পরিষ্কারের প্রয়োজন দেখা দেয়। মালিকানা হস্তান্তরের আগে পরিবেশগত পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করার শর্ত থাকায় পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।

পর্যটকদের জন্য এখনো সীমিত প্রবেশাধিকার
দ্বীপটিকে প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় রূপান্তরের পরিকল্পনা থাকলেও পরিবেশগত পুনরুদ্ধার ও মালিকানা হস্তান্তরের জটিলতার কারণে সাধারণ মানুষের অবাধ প্রবেশাধিকার চালু হয়নি।
দ্বীপটি পরিদর্শনের জন্য নিউ জার্সির দিক থেকে আয়োজিত নির্ধারিত গাইডেড ট্যুর বা পরিচালিত ভ্রমণে অংশ নিতে হয়।
নেটিস আইল্যান্ডের এই ইতিহাস মনে করিয়ে দেয়, একটি ছোট ভূখণ্ডও কীভাবে আদিবাসী সংস্কৃতি, ঔপনিবেশিক ইতিহাস, শিল্পায়ন, আন্তর্জাতিক রাজনীতি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠতে পারে।
ফিলাডেলফিয়ার একেবারে পাশের এই দ্বীপ ভবিষ্যতে প্রকৃতিপ্রেমী ও পরিবেশ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ আকর্ষণে পরিণত হতে পারে। তবে সেটি ফিলাডেলফিয়ার নয়, নিউ জার্সির প্রাকৃতিক ঐতিহ্য হিসেবেই পরিচিত হবে।

সর্বশেষ তথ্য : দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা
২০২৬ সালের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পেটিস আইল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। সিটগোর মালিকানা পরিবর্তনের প্রক্রিয়ার কারণে দ্বীপটি পরিষ্কার করে নিউ জার্সি ন্যাচারাল ল্যান্ডস ট্রাস্টের কাছে হস্তান্তরের দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২৬ সালের জানুয়ারিতে দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানায়, দ্বীপটির দূষণ পরিষ্কারের জন্য ১ কোটি ৩৩ লাখ ডলারের তহবিল গঠনের বিষয়ে সিটগো সম্মত হয়েছে। তবে সম্পূর্ণ মালিকানা হস্তান্তরের আগে পরিবেশগত নিরাপত্তার শর্ত পূরণ করতে হবে।
এদিকে দ্বীপটিতে ইতিমধ্যে প্রায় দুই মাইল হাঁটার পথ এবং ইতিহাস ও পরিবেশবিষয়ক তথ্য প্রদর্শনের ব্যবস্থা তৈরি হয়েছে। নির্ধারিত শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে দর্শনার্থীরা সেখানে যাওয়ার সুযোগ পান।
তথ্যসূত্র : নিউ জার্সি ন্যাচারাল ল্যান্ডস ট্রাস্ট, এনসাইক্লোপিডিয়া অব গ্রেটার ফিলাডেলফিয়া এবং ২০২৬ সালের দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারার ও জার্সি ভিন্ডিকেটর–এর প্রতিবেদন।
লেখক ও সম্পাদক, ফিলাডেলফিয়াপত্রিকা


