রাজনীতি সংবাদ সমাজ

ঈদআড্ডায় আমেরিকান রাজনীতিবিদ ও সামাজিক সংগঠকবৃন্দ

শেয়ার করুন:

সম্প্রতি ঈদুল ফিতরের আনন্দহাওয়ায় ফিলাডেলফিয়া সহ আমেরিকার সর্বত্রই মুসলিম কমিউনিটির ভিতর মিথস্ক্রিয়ামূলক সম্মিলনী অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া যাচ্ছে। তেমনই এক স্বতঃস্ফূর্ত ও সফল ঈদসম্মিলনী ফিলাডেলফিয়ায় বিশিষ্ট সমাজসংগঠক ও সংস্কৃতিহিতৈষী মোহাম্মদ এনাম চৌধুরীর বাসভবনে আয়োজিত হয়ে গেল ঈদের পরবর্তী তৃতীয় দিন।

রবিবার হবার সুবাদে এই দিনের উৎসবমুখরতা আলাদা মাত্রা পেয়েছিল সম্মিলনে সমবেত সকলের সোৎসাহ আড্ডায়। এই মিলনসভায় হাজির ছিলেন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অন্যদিকে এই সানন্দ সমাবেশে আমন্ত্রিত হয়ে যোগ দেন আমেরিকার মূলধারা রাজনীতির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও সৌহার্দ্যপূর্ণ এই ঈদআড্ডায় ফিলাডেলফিয়ার কমিউনিটিলিডারদের পাশাপাশি তরুণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অনেক বেশি অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানের মূল পর্বটিই ছিল আড্ডা। যার ফলে এক অন্তরঙ্গতার আবেশ ঘিরে রেখেছিল পুরো সময়টুকু। অংশগ্রহণকারীরা সামাজিকায়নের প্রক্রিয়ায় পারস্পরিক পরিচয়, ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় এমনভাবে সম্পন্ন করেন যাতে আনুষ্ঠানিকতার জড়তায় ক্লিষ্ট বোধ না করেন কেউ। পুরো অনুষ্ঠানে এমন এক সপ্রতিভতা বিরাজ করছিল। অংশগ্রাহীদের মধ্যে  স্টেট-সিনেটর নিকিল সাভাল, শরিফ স্ট্রিট, স্টেট-রিপ্রেজেন্টেটিভ তারিক খান ও রিক ক্রাজেভস্কি, সিটি কাউন্সিলের নারী প্রতিনিধি জেমি গথিয়ের, পেনসিলভেনিয়া গভর্নরের নীতি ও পরিকল্পনা বিষয়ক সেক্রেটারি আকবর হোসেন, সাবেক স্টেট-রিপ্রেজেন্টেটিভ মুভিতা জনসন হারেল ও রন ওয়াটার্স সহ আরও অনেকেই ছিলেন অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে পাদপ্রদীপের আলোয়।

ঈদের পুনর্মিলনী ও অন্তরঙ্গ আড্ডাবাজির এই সমাবেশে আরও শরিক হয়েছিলেন এপিআইপিএ-র নির্বাহী পরিচালক মোহন শেশাদ্রি, ওয়েলকামিং সেন্টার ডিরেক্টর স্টেফানি সান, আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার অ্যাফেয়ার্স কমিশন এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিন কারু প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠক এবং তরুণ প্রজন্মের উচ্ছ্বাসপূর্ণ সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। পুরো অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য ও উচ্ছ্বলতা আড্ডায় বাড়তি মাত্রা যোগ করেছিল।

তরুণ জনগোষ্ঠীর সঙ্গে কমিউনিটির অপেক্ষাকৃত প্রবীণ জনগোষ্ঠীর সৃজনশীল সম্পর্কসেতু তৈরির কাজ করতে পারে এ-ধরনের সামাজিক সম্মিলনী অনুষ্ঠানগুলো, অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্যে এমন কথার অনুরণন শোনা গেল। অনুষ্ঠানের শেষে আমন্ত্রকগৃহের আতিথেয়তায় আপ্যায়িত হয়ে সভা সমাপ্তির দিকে গড়ায়।

ডেস্ক ফিলাডেলফিয়া

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *