এডিটর'স চয়েস সাহিত্য

হাওয়াঘরের হ্রেষা ও অন্যান্য অন্বেষা || সৈয়দ আফসার

শেয়ার করুন:

হাওয়াঘরের হ্রেষা

আমি কোনো কবি নই যে আমার শুরুটা হবে নিজস্ব নিয়মে
আমার কাহিনিরা আমাকেই জ্বালিয়ে রাখে দীর্ঘরাত্রির আলোয়
অবোধ বালকের মতো আয়নার দিকে ফ্যালফ্যাল তাকাই
কিছু বুঝি না! ভেসে যেতে-যেতে পুরাণের জলে পিছলে পড়ি
বুঝি না কোথায় হারাল পায়ের দখল, দোলা, অবুঝপনা…
পথপ্রবাহ কোনদিকে ঝুঁকে পড়ল আমার দু-চোখের নিস্তব্ধতা
বেয়ে-ওঠা অশ্রু, অর্ধেক দ্বিধা…শূন্যে জমুক না-বলা কথা,
ভুলের শহরে আরো আরো জমুক সন্দেহবোধ; শেষাংশটুকু
স্পষ্ট জানি না বলেই তো এত দেখার নেশা, হাওয়াঘরের হ্রেষা…

 

 

পরচর্চা, আত্মরচনা

হাওয়ায় পাতা ওড়ে, চাওয়ার সীমানায় ওড়ে যত পরচর্চা

আমাদের ইচ্ছেগুলো আটকা পড়ে গেল অনিচ্ছাজালে
সন্দেহহাওয়ায়; তুই উড়তে জানিস না বলে জানালা ঘেঁষে একা
নিষ্পলক চোখে দাঁড়িয়ে থাকিস্! জানালার শোকে চোখ কী কাঁদে?
চোখের নিচে যে কালো দাগ সে কী রোজ অলীক বিশ্বাসে ঘোরে?

নাকি বন্ধ রাখছে চোখ? দেহের অন্য ইশারা দৃষ্টিসংকোচ ছাড়াই
মর্ম ধরে রাখে, আমিও মুখোমুখি দাঁড়াই
হাওয়াবিন্দু ধরে নিয়মচক্র, মোহবিস্তার সহ যতই অপেক্ষা, কে জানে
চেঁচিয়ে ওঠা অভিযোগ কি মনের বেদনা? যতটা সংশয়, অনুপ্রেরণা
সে তো আলগা বাঁধনে আঁকা আমারই পাশের চোখ। আমি তাকে
দুচোখে মাখাই, পাশেই রাখি, রাগে চেঁচিয়ে কিছুই বলতে পারি না

মমতা, নিকটে এসো পুনর্বার; বলো, তার সঙ্গ পেয়েছ কী তন্দ্রায়?

 

 

অভিনূতন, তিতপুরাতন

দূরে দাঁড়ানো নিষেধ, তারপরও শব্দের গতিবেগ, উন্মাদনা গ্রহণ
যত হতাশন, ততই অপেক্ষা…সে বুঝতে পারেনি কেন বাড়ছে
এত হৃৎকম্পন, রূপকথার গল্পগুলো আরো মনোরম হলে বিভেদ
দেখতে পাবে, ভেতরে ভেতরে পুলকিত ভাবটি ধরে রাখছে
বর্ষার অবোধ মন

তোর উদাসীনতায় স্থির চোখে প্রকাশ পাচ্ছে বৃক্ষপত্রের নীরবতা
রূপকথার পরের গল্পটা দিদার কাছ থেকে আমাদের শোনা হয়নি

ইচ্ছে ফুরোবার আগে অনেক সাধ জাগে, নিয়মচাকার ঘুরছে দুঃখ
উল্টোপথের জীবন, জীবন ডিঙিয়ে যাওয়াই কী? মুহূর্ত চৌকাঠ
মনে ধরে প্রিয় চিরকুটখানি, তোর জোড়াচোখ আর জলের করাত

তারপর, আর যা, বিশ্বাস খুলে দেখা মর্মভেদ সহ সাজানো মুহূর্তকাল
কিসের নেশায়, কেন যে আমি ভুলে যেতে পারি না আমার অতীত
তিতপুরাতন সময়!


সৈয়দ আফসার। কবি। ‘অর্কিড’ পত্রিকার সম্পাদক। জন্ম জগন্নাথপুর সুনামগঞ্জে। পেশাগত সূত্রে সপরিবার যুক্তরাজ্যের আবাসিক

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *