নিউইয়র্ক সিটির কুইন্সে সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত নিহত হয়েছেন। রোববার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম স্ট্রিট সংযোগস্থলে রাস্তা পার হওয়ার সময় একটি স্যানিটেশন ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে ঘোরার সময় ক্রসওয়াকে থাকা নিশাতকে আঘাত করে। ট্রাকটির চালক ঘটনাস্থলে ছিলেন এবং তাকে সামান্য আঘাতের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি; বিষয়টি তদন্তাধীন।
নিহত নিশাতের বাবা হেলাল আহমদ কুইন্সের উডসাইডে অবস্থিত বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। নিশাত জ্যামাইকায় একটি পার্কিং গ্যারেজে কাজ করতেন। তার মৃত্যুতে পরিবার ও কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, নিশাতের পরিবারের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।



