ফিলাডেলফিয়ায় প্রবাসী বাংলাদেশির অনন্য অভিজ্ঞতা—বড়শিতে ধরা পড়লো ১০ পাউন্ডের সাদা মাগুর মাছ!
ফিলাডেলফিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সাংবাদিক শেখ খুরশান আবারও প্রশংসিত হয়েছেন এক ব্যতিক্রমী অর্জনের মাধ্যমে। শহরের প্রথম দিকের বাংলাদেশি বাসিন্দাদের অন্যতম এই ব্যক্তি পেশায় এক প্রতিষ্ঠিত ট্যাক্সফার্মের মালিক এবং একটি বাংলা পত্রিকার সম্পাদক।
ব্যস্ত জীবনের ফাঁকে তার সবচেয়ে প্রিয় নেশা—মাছ ধরা। সুযোগ পেলেই তিনি ছুটে যান নদীনালায়, কখনো ফিলাডেলফিয়ার আশপাশে, আবার কখনো দূরবর্তী স্থানে, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে।
সম্প্রতি এমনই এক মাছ ধরার অভিযানে, সম্পূর্ণ বড়শিতে (ফিশিং রডে) তিনি ডেলাওয়ার নদী থেকে ধরেছেন প্রায় ১০ পাউন্ড ওজনের একটি বিরল সাদা মাগুর মাছ—যা এই অঞ্চলে খুব কমই দেখা যায়। কায়াক রাইডের রোমাঞ্চের সঙ্গে এই বড় শিকার তার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই আনন্দের অভিজ্ঞতা জানাতে গিয়ে শেখ খুরশান বলেন, “আলহামদুলিল্লাহ, বড়শিতে এত বড় মাছ পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। ডেলাওয়ার নদীতে এমন মাছ খুব একটা মেলে না। আল্লাহর কাছে শুকরিয়া।”
প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও তার এই অর্জন শুধু ব্যক্তিগত আনন্দই নয়, বরং কমিউনিটির জন্যও এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
ডেস্ক রিপোর্ট



