সংবাদ

ফিলাডেলফিয়ায় ছিনতাইকারীর গুলিতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ছিনতাইকারীদের কাছ থেকে নিজের মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী বিলি শ্মিট। তিনি পেন স্টেট ইউনিভার্সিটির ডিজিটাল জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র ছিলেন এবং আগামী ডিসেম্বরে স্নাতক সম্পন্ন করার কথা ছিল।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সাউথ ফিলাডেলফিয়ায় নিজের বাসার কাছেই এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে এনবিএ ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ফোনটি ফেরত পাওয়ার জন্য তিনি তাদের পিছু নিলে এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

গুরুতর আহত অবস্থায় বিলি শ্মিটকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পেন স্টেট ইউনিভার্সিটি এক শোকবার্তায় বিলি শ্মিটের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *