ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া : নর্থইস্ট ফিলাডেলফিয়ার ছয়টি সড়ক অংশে স্থাপিত নতুন স্বয়ংক্রিয় স্পিডক্যামেরার সতর্কতামূলক ৬০ দিনের সময়সীমা শেষ হয়েছে। শুক্রবার, ১২ জুন রাত ১২টা ১ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে জরিমানা কার্যকর শুরু করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী Frankford Avenue-এর 6400, 7000, 8300 ও 9900 ব্লক, Levick Street-এর 3100 ব্লক এবং Robbins Avenue-এর 2100 ব্লকে নির্ধারিত গতিসীমা ঘণ্টায় ২৫ মাইল। এই সীমার চেয়ে ১১ মাইল বা তার বেশি গতিতে গাড়ি চালালে চালকদের জরিমানা করা হবে।

জরিমানার হার :
* নির্ধারিত গতিসীমার চেয়ে ১১-১৯ মাইল বেশি গতিতে চললে ১০০ ডলার
* ২০-২৯ মাইল বেশি গতিতে চললে ১২৫ ডলার
* ৩০ মাইল বা তার বেশি গতিতে চললে ১৫০ ডলার
তবে এসব লঙ্ঘনের কারণে চালকের ড্রাইভিং লাইসেন্সে কোনো পয়েন্ট যোগ হবে না।
সিটি কাউন্সিল সদস্য Mike Driscoll এই স্পিডক্যামেরা স্থাপনের বিল উত্থাপন করেন। ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল গত ডিসেম্বরে সর্বসম্মতিক্রমে বিলটি অনুমোদন করে এবং জানুয়ারিতে Cherelle Parker এতে স্বাক্ষর করেন।
সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা


