যুক্তরাষ্ট্রজুড়ে এখন গ্র্যাজুয়েশনের মৌসুম। প্রি-স্কুল, মিডল স্কুল, হাই স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো নতুন স্বপ্ন, অর্জন এবং সম্ভাবনার আনন্দে মুখরিত। এই উৎসবমুখর পরিবেশের ব্যতিক্রম নয় বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলও।
গত ১০ জুন ড্রেক্সেল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। এ বছর ড্রেক্সেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া (ইউপেন), টেম্পল ইউনিভার্সিটি, ভিলানোভা ইউনিভার্সিটি, সোয়ার্থমোর কলেজসহ ফিলাডেলফিয়া অঞ্চলের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কয়েকশ’ বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করেছেন।

বিভিন্ন গ্র্যাজুয়েশন (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়) অনুষ্ঠানে উপস্থিত থেকে আমরা প্রত্যক্ষ করেছি এক অনন্য আবেগঘন দৃশ্য। শিক্ষার্থীদের চোখে ছিল সাফল্যের দীপ্তি, আর অভিভাবকদের চোখে ছিল গর্ব ও আনন্দাশ্রু। বহু বছরের কঠোর পরিশ্রম, ত্যাগ, সংগ্রাম ও স্বপ্নপূরণের সেই মাহেন্দ্রক্ষণ যেন একসঙ্গে উদযাপন করেছে শিক্ষার্থী, পরিবার ও শুভানুধ্যায়ীরা।
অনেক অভিবাসী পরিবারের জন্য সন্তানের গ্র্যাজুয়েশন শুধু একটি ডিগ্রি অর্জন নয়; এটি তাদের দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও আত্মত্যাগের স্বীকৃতি। সেই সঙ্গে এটি নতুন প্রজন্মের জন্য আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, আইন ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা নিয়ে আজকের এই তরুণ গ্র্যাজুয়েটরা যুক্তরাষ্ট্রের মূলধারায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, বরং পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের এক উজ্জ্বল অধ্যায়।

স্বপ্ন থেকে সাফল্যের এই যাত্রা চলমান থাকুক—এই প্রত্যাশা নিয়ে আমরা ফিলাডেলফিয়া পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাই ২০২৬ সালের সকল গ্র্যাজুয়েটকে।
আর এই কলেজ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের মতোই এই বছর বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভানিয়া (BACFPA) আয়োজন করছে “গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬”। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১২ই সেপ্টেম্বর, শনিবার, ঢাকা ক্লাব, আপার ডার্বিতে। সংগঠনের পক্ষ থেকে যারা এই বছর কলেজ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
আশরাফুল ইসলাম আরিফ



