জীবিকার তাগিদে ডোরড্যাশে খাবার পৌঁছে দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের রাজশাহীর সন্তান ও নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মো. মাহফুজুল হক (৪৩)। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তাঁর গাড়ি, DoorDash-এর ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের দুটি ব্যবহৃত খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
মাহফুজুল হক দীর্ঘদিন আল-শাম উইলো গ্রোভ রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। উন্নত ভবিষ্যতের আশায় যুক্তরাষ্ট্রে এসে পরিবারের দায়িত্ব পালনে নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। সম্প্রতি তাঁর স্ত্রী চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তানকে রেখে তাঁর এই বিদায় পরিবার ও স্বজনদের জন্য এক অপূরণীয় শোকের অধ্যায় হয়ে রইল। বিনয়ী, সৎ, পরিশ্রমী ও পরোপকারী মানুষ হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশি সমাজে ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল, বৃহস্পতিবার (৯ জুলাই), বাদ যোহর দুপুর ১টা ৩০ মিনিটে নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে (১৪২১ Tyson Avenue, Philadelphia, PA 19111) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের জন্য কানাডায় নেওয়া হবে।
এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম মো. মাহফুজুল হকের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক বহন করার তাওফিক দান করুন। আমিন।



