ডোরড্যাশে খাবার পৌঁছে দিতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি যুবক মাহফুজুল হক। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তিটি বাংলাদেশের রাজশাহীর সন্তান এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা, মো. মাহফুজুল হক, বয়স ৪৩ বছর।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, একটি DoorDash ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
মরহুম মো. মাহফুজুল হক পূর্বে আল-শাম উইলো গ্রোভ-এর একজন কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।
এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আশরাফুল ইসলাম আরিফ



