১ম দিন
জেনেভা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে আমরা ইতালির কুরমায়োর (Courmayeur)-এর কাছে প্লাম্পিঁসিয়ে (Plampincieux) পৌঁছাই। সেখান থেকে ভাল ফেরে উপত্যকা (val Ferret ) ধরে ইতালি-সুইজারল্যান্ড সীমান্তের দিকে আমাদের ট্রেক শুরু হয়। মনে হলো যেন এক বিশাল পাহাড়ের রাজ্যে প্রবেশ করলাম আমরা। পথজুড়ে ছিল বড় বড় পাহাড়ের চোখ জুড়ানো সৌন্দর্য।
প্রথম দিনের পথটা ছিল তুলনামূলক সহজ, ওইদিন হাঁটা ছিল ৩–৪ ঘণ্টা, দূরত্ব: ৭ কিমি , উচ্চতায় ওঠা-৫৯০ মিটার এবং নামা ১৫০ মিটার।
দিনের শেষে পাহাড়ি একটি আশ্রয়কেন্দ্রে (Mountain Refuge) আমরা থাকি যেখানে ঘুমানোর ব্যবস্থা ছিল ডরমেটরিতে, একেকটি রুমে ছিল প্রায় ১৫/২০ জনের থাকার ব্যবস্থা।
চারপাশে পাহাড়ে ঘেরা মাউন্টেন হাটটি দেখতে ছিল অসাধারণ!

২য় দিন
🥾 হাঁটা ৭–৮ ঘণ্টা, দূরত্ব -২০ কিমি , উচ্চতায় ওঠা -৯৫০ মিটার এবং নামা: ১,২৫০ মিটার।
২য় দিল সকালে গ্র্যান্ড কোল ফেরে (Grand Col Ferret – ২৫৩৬ মিটার)-এর দিকে দীর্ঘ পথ আপ হিলে ওঠার মাধ্যমে আমাদের ট্রেক শুরু হয়। এটি ছিল পুরো রুটের অন্যতম কঠিন অংশ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং দিন। এই রুট থেকে ভাল ফেরে, মঁ দোলাঁ (Mont Dolent) এবং সুইস উপত্যকার অসাধারণ পাহাড়ি দৃশ্য চোখে পড়ে। উপর-নীচ করে লম্বা পথ পাড়ি দিয়ে সুইজারল্যান্ডে প্রবেশ করে ধীরে ধীরে লা ফুলি (La Fouly) গ্রামের দিকে নামি আমরা । এই দিনটির কষ্টের প্রতিটি মুহূর্ত স্বার্থক হয়ে যায় চারপাশের অপূর্ব পাহাড়ি দৃশ্য দেখে।
এরপর গাড়িতে করে শঁপে (Champex)-এ এসে আমাদের ওইদিনের যাত্রা শেষ হয়।

৩য় দিন – শঁপে থেকে ত্রিয়ঁ (Trient)
🥾হাঁটা ৬–৭ ঘণ্টা, দূরত্ব-১৬ কিমি, উচ্চতায় ওঠা-৭৮০ মিটার এবং নামা -৮৯০ মিটার।
৩য় দিনের পথটি ছিল বিখ্যাত বোভিন (Bovine) রুট ধরে। তবে আমরা ওইদিন আধাবেলা ব্রেক নিয়ে সুইজারল্যান্ডের Champex-Lac এ সকালের সময়টা কাটাই তারপরে বিকেলে টিমের সাথে ঽয় পর্বে জয়েন করি।
এই পর্বে কোল দ্য লা ফোরক্লাজ (Col de la Forclaz) হয়ে নিচে নামি আমরা যেখানে ত্রিয়ঁ গ্রামের বিখ্যাত গোলাপি গির্জা (Pink Church) দেখা যায়। সেখানেই রাতের বিশ্রাম নেই আমরা।

৪র্থ দিন – ত্রিয়ঁ থেকে ত্রে-লে-শঁ (Tré-le-Champ)
🥾 হাঁটা ৫–৬ ঘণ্টা, দূরত্ব : ১২ কিমি, উচ্চতায় ওঠা-৯৫০ মিটার, নামা-৮০০ মিটার।
শেষ দিনে কোল দ্য বাল্ম (Col de Balme – ২১৯০ মিটার)-এ উঠতে থাকি আমরা। এখান থেকে শ্যামোনি উপত্যকা, মন্ট ব্ল্যাঙ্ক এবং এগুইয় দু মিডি (Aiguille du Midi)-এর অসাধারণ দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। এখানেই মুলত আমাদের ট্রেক শেষ হয়।
এরপর ক্যাবল চেয়ারে/ক্যাপসুলে করে ত্রে-লে-শঁ-এ নেমে আসি আমরা।
বিকেলে শ্যামোনিতে ফিরে আমরা টিমের সাথে কিছুটা সেলিব্রেট করে মন্ট ব্ল্যাঙ্ককে বিদায় জানিয়ে শেষ করি আমাদের চার দিনের এই অসাধারণ ট্রেক।
…
এই চার দিনে আমরা তিনটি দেশ ইতালি, সুইজারল্যান্ড এবং ফ্রান্স পায়ে হেঁটে অতিক্রম করেছি।
তিনটি দেশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, তুষারঢাকা পর্বত, সবুজ উপত্যকা এবং অবিস্মরণীয় পাহাড়ি অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করার সুযোগ পেয়েছি।
প্রতিটি পদক্ষেপ ছিল নতুন অভিজ্ঞতা, আজীবন মনে রাখার মতো স্মৃতি।প্রকৃতির মাঝে কাটানো এই সময় সত্যিই জীবনের অন্যতম এক সেরা অভিজ্ঞতা!
রহিমা খাতুন জুলি। ট্রেকার অ্যান্ড ট্র্যাভেলগ-রাইটার



