২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ক্ষুদে শিল্পীদের রঙিন স্বপ্ন : শারিনাস আর্টি ক্রাফটির পোস্টার ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত
দক্ষিণ নিউ জার্সিভিত্তিক শিশু-কিশোরদের শিল্পচর্চার প্রতিষ্ঠান শারিনাস আর্টি ক্রাফটি (SAC)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ পোস্টার ডিজাইন প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের নিয়মিত মাসিক শিল্পকলা ক্লাসের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় একঝাঁক ক্ষুদে শিল্পী।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরকে ঘিরে নিজেদের কল্পনা, রঙের বৈচিত্র্য ও সৃজনশীল ভাবনাকে ক্যানভাসে ফুটিয়ে তোলে অংশগ্রহণকারীরা। প্রতিটি পোস্টারেই ছিল মৌলিক চিন্তা, শিল্পসত্তার স্বতন্ত্র প্রকাশ এবং বিশ্বকাপের প্রতি শিশুদের উচ্ছ্বাসের নান্দনিক প্রতিফলন।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন নুসাইবা আনিকা। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি একসময় শারিনাস আর্টি ক্রাফটিরই একজন শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি চারুকলায় উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিল্পচর্চায় নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন। বিচার শেষে তিনি বিজয়ী নির্বাচনের মানদণ্ড, শিল্পভাবনা ও মূল্যায়নের বিভিন্ন দিক অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন, যা শিশুদের জন্য ছিল শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আয়াত, দ্বিতীয় স্থান লাভ করে তিয়াশ এবং তৃতীয় স্থান অর্জন করে আকিব। এছাড়া আশির, জয়নাব, মায়া, আরিয়া ও আনিয়া সম্মানজনক উল্লেখ (Honorable Mention) অর্জন করে।

আয়োজকরা জানান, এ ধরনের সৃজনশীল আয়োজন শিশু-কিশোরদের শিল্পচর্চা, কল্পনাশক্তি, আত্মবিশ্বাস এবং নান্দনিক বোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল ক্ষুদে শিল্পীকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিল্পযাত্রার সাফল্য কামনা করেন শারিনাস আর্টি ক্রাফটির কর্মকর্তারা।
আশরাফুল ইসলাম আরিফ




Aungshuman
July 31, 2026Great job young ones!