অর্থনীতি

সম্পদের নয়, সম্পর্কের উত্তরাধিকার রেখে যাই || সৈয়দ আব্দুল হামিদ

শেয়ার করুন:

মানুষের জীবন বড়ই অদ্ভুত। আমরা প্রতিদিন ছুটে চলি—আরও অর্থ, আরও সম্পদ, আরও প্রতিষ্ঠা, আরও প্রভাবের সন্ধানে। মনে হয়, এই অর্জনের শেষ নেই। অথচ জীবনের সবচেয়ে বড় সত্যটি আমরা প্রায়ই ভুলে যাই—পরবর্তী একটি মুহূর্তও আমাদের নিশ্চিত নয়।

আমরা ভবিষ্যতের জন্য অগণিত পরিকল্পনা করি। বাড়ি বানাই, জমি কিনি, ব্যাংক ব্যালেন্স বাড়াই। কিন্তু সেই ব্যস্ততার ভিড়ে কতবার বাবা-মায়ের পাশে বসে গল্প করি? কতবার ভাই-বোনের খোঁজ নিই? কতবার জীবনসঙ্গী কিংবা সন্তানের চোখে চোখ রেখে বলি, “তোমাদের জন্যই আমার এই জীবন”?

আজকের পৃথিবীতে অর্থের অভাবের চেয়ে ভালোবাসার অভাবই যেন বেশি প্রকট। সম্পদের হিসাব করতে করতে আমরা অনেকেই সম্পর্কের হিসাব হারিয়ে ফেলছি। সামান্য জমি, উত্তরাধিকার কিংবা অহংকারের কারণে কত পরিবার ভেঙে যাচ্ছে, কত ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, কত সন্তান বাবা-মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে—এই বাস্তবতা আমাদের প্রতিদিনই ভাবায়।

অথচ টাকা কখনো মানুষের শূন্যতা পূরণ করতে পারে না। অর্থ হয়তো স্বাচ্ছন্দ্য কিনে দিতে পারে, কিন্তু ভালোবাসা নয়; বড় বাড়ি কিনে দিতে পারে, কিন্তু একটি শান্তির সংসার নয়; দামি বিছানা কিনে দিতে পারে, কিন্তু নিশ্চিন্ত ঘুম নয়।

আমিও এই সমাজেরই একজন মানুষ। আমিও ভুল করি। তবুও সবসময় চেষ্টা করি সম্পর্ককে সম্পদের ওপরে স্থান দিতে। কারণ আমি বিশ্বাস করি, মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি তার আপনজন।

নিজের জীবনের কথাই বলি। গর্ব করে নয়, গভীর কৃতজ্ঞতা নিয়ে বলছি—আজ আমি যতটুকু পথ চলতে পেরেছি, তার পেছনে শুধু আমার নিজের পরিশ্রম নয়; পরিবারের অকৃত্রিম ভালোবাসা, স্ত্রী-সন্তানের ত্যাগ, আত্মীয়-স্বজনের সহযোগিতা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর দোয়া ও সমর্থন রয়েছে। কেউ হয়তো বেশি দিয়েছেন, কেউ কম; কিন্তু প্রত্যেকের অবদান আমার জীবনে অমূল্য।

আমরা হয়তো সন্তানদের জন্য সম্পদ রেখে যেতে চাই। সেটি অবশ্যই দায়িত্বের অংশ। কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব হলো তাদের শেখানো—সম্পদের চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। কারণ কয়েক প্রজন্ম পরে মানুষ হয়তো আমাদের রেখে যাওয়া সম্পদের হিসাব জানবে, কিন্তু আমাদের মানবিকতা, ভালোবাসা ও আদর্শই হবে প্রকৃত উত্তরাধিকার।

তাই আসুন, সময় থাকতে সম্পর্কগুলোকে আগলে রাখি। বাবা-মায়ের হাতটি একটু শক্ত করে ধরি। ভাই-বোনের অভিমান ভাঙাই। আত্মীয়-স্বজনের সঙ্গে দূরত্ব কমাই। জীবনসঙ্গী ও সন্তানদের সময় দিই। কারণ একদিন হয়তো আমরা থাকব না, কিন্তু আমাদের ভালোবাসা মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

মনে রাখবেন, টাকা আসে, টাকা যায়; কিন্তু সত্যিকারের সম্পর্ক মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।

আজ আপনি ধনী, সফল কিংবা প্রভাবশালী হতে পারেন। কিন্তু আগামীকাল কী অপেক্ষা করছে, তা একমাত্র মহান আল্লাহই জানেন। এমনও হতে পারে, যে সম্পদের জন্য সারাজীবন সংগ্রাম করলেন, তা ভোগ করার সুযোগও আপনার আর হলো না।

জীবনের শেষ প্রান্তে এসে মানুষ তার ব্যাংক ব্যালেন্স নয়, খোঁজ করে আপনজনের হাত, একটি পরিচিত মুখ, একটি আন্তরিক ডাক। তখন উপলব্ধি হয়—সম্পদের নয়, সম্পর্কের বিনিয়োগই ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

আসুন, আমরা এমন একটি উত্তরাধিকার রেখে যাই, যেখানে আমাদের পরিচয় হবে অর্থে নয়, ভালোবাসায়; সম্পদে নয়, মানবিকতায়; অহংকারে নয়, সম্পর্কের উষ্ণতায়।

কারও প্রতি ব্যক্তিগত ইঙ্গিত নয়—এ শুধু আমার জীবন থেকে পাওয়া কিছু উপলব্ধি।


সৈয়দ আব্দুল হামিদ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *