পেনসিলভানিয়ার ল্যান্সডেল, ৩১ জুলাই : পেনসিলভানিয়ার মন্টগোমারি কাউন্টির ল্যান্সডেলের শান্ত অ্যান্ডোভার রোড এলাকা শুক্রবার ভোরে মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক আর ধ্বংসস্তূপে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা চারটি আবাসিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি বাংলাদেশি পরিবারের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। মুহূর্তের মধ্যেই পরিবারটি তাদের বহু বছরের সঞ্চয়, স্মৃতি আর প্রয়োজনীয় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
স্থানীয় সময় সকাল ৬টা ১৬ মিনিটে অ্যান্ডোভার রোডের ৮০০ ব্লকে একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৮৪৪, ৮৪৬, ৮৪৮ ও ৮৫০ নম্বর অ্যান্ডোভার রোডের চারটি বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ঘন কালো ধোঁয়া ও দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ঢেকে যায়।
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুনের তীব্রতা দেখে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম চেয়ে প্রথমে “অল-হ্যান্ডস” এবং পরে দ্বিতীয় ও তৃতীয় স্তরের (সেকেন্ড ও থার্ড অ্যালার্ম) জরুরি সতর্কতা জারি করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে মন্টগোমারি ও বাকস কাউন্টির প্রায় ৩০টি অগ্নিনির্বাপণ ও জরুরি সেবা সংস্থা সম্মিলিতভাবে কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায়।
এ ঘটনায় একটি বাংলাদেশি পরিবারের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, ব্যক্তিগত মূল্যবান সামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বহু বছরের স্মৃতি মুহূর্তেই ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের সদস্যরা নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত, আহত ব্যক্তির সংখ্যা বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। অগ্নিকাণ্ডের কারণও এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ফায়ার মার্শাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় ল্যান্সডেলের ফেয়ারমাউন্ট ফায়ার কোম্পানিসহ নর্থ পেন অঞ্চলের বিভিন্ন ফায়ার কোম্পানি, মন্টগোমারি কাউন্টি ইউএসএআর (USAR) টিম, ভিএমএসসি (VMSC) ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস এবং আশপাশের বিভিন্ন এলাকার অগ্নিনির্বাপণ ও জরুরি সেবা সংস্থার সদস্যরা অংশ নেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারের পাশে দাঁড়াতে ইতোমধ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতার উদ্যোগের কথাও জানা গেছে।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা



