নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান লেখক ও অধ্যাপক পদ্য পারমিতার প্রথম উপন্যাস Appetite আগামী ৪ আগস্ট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান Penguin Random House-এর The Dial Press থেকে প্রকাশিত হচ্ছে। প্রকাশের আগেই উপন্যাসটি যুক্তরাষ্ট্রের সাহিত্যাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
অভিবাসী জীবন, আত্মপরিচয়, খাদ্যসংস্কৃতি, বন্ধুত্ব ও স্বপ্নের লড়াইকে কেন্দ্র করে রচিত Appetite-এর প্রধান চরিত্র জারিনা, একজন বাংলাদেশি-আমেরিকান তরুণ শেফ। পেশাদার রেসলিং জগতের এক তারকার সঙ্গে পরিচয়ের পর তার জীবনের গতিপথ বদলে যায়। ইতোমধ্যে উপন্যাসটি খ্যাতিমান লেখকদের প্রশংসা অর্জন করেছে।
বইটির উৎসর্গপত্রে পদ্য পারমিতা তার বাবা, লেখক আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “একজন লেখকের পক্ষ থেকে আরেকজন লেখকের জন্য। খাবারের গল্প আমাকে প্রথম শোনানোর জন্য ধন্যবাদ। বাড়িতে একজন লেখককে আদর্শ হিসেবে না পেলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না।” এই আবেগঘন উৎসর্গপত্র ইতোমধ্যেই পাঠকমহলে আলোচনার জন্ম দিয়েছে।

Appetite সম্পর্কে লেখক জিনউ চং একে “উষ্ণ আলিঙ্গনের মতো স্বস্তিদায়ক” বলে অভিহিত করেছেন। আর লেখক লেসলি জেমিসন উপন্যাসটিকে ঐতিহ্য, বন্ধুত্ব ও আত্ম-অন্বেষণের এক আধুনিক কাহিনি হিসেবে মূল্যায়ন করেছেন।
বইটির প্রকাশ উপলক্ষে আগামী ৬ আগস্ট নিউইয়র্কের ঐতিহাসিক Strand Book Store-এ ‘Meet the Author’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পাঠকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বইয়ে স্বাক্ষর দেবেন লেখক।
সাহিত্যসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে পদ্য পারমিতার এই আত্মপ্রকাশ শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশি-আমেরিকান নতুন প্রজন্মের সাহিত্যচর্চার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আশরাফুল ইসলাম আরিফ। লেখক ও সাংবাদিক



