অর্থনীতি

বাংলাদেশে করদাতাদের জন্য ৫ শতাংশ প্রণোদনা

শেয়ার করুন:

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই মিলবে কর ছাড়;
পরিশোধযোগ্য করের সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা;
দেরি করলে গুনতে হবে অতিরিক্ত কর;

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

চলতি ২০২৬-২৭ করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আকর্ষণীয় কর প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ সেপ্টেম্বর-এর মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের সর্বোচ্চ ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা—যেটি কম—পর্যন্ত কর ছাড় পাবেন করদাতারা।

রোববার (২ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) শ্রেণির করদাতারা এ সুবিধার আওতায় আসবেন।

তবে নির্ধারিত সময় অতিক্রম করলে এই প্রণোদনা আর মিলবে না। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে কোনো কর ছাড় বা প্রণোদনা দেওয়া হবে না।

এরপরও যারা রিটার্ন দাখিলে বিলম্ব করবেন, তাদের জন্য থাকছে অতিরিক্ত করের বিধান। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করতে হবে।

আর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করলে অতিরিক্ত করের পরিমাণ আরও বেড়ে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই অঙ্ক পরিশোধ করতে হবে।

এনবিআর বলছে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করা, স্বেচ্ছায় কর পরিশোধের সংস্কৃতি গড়ে তোলা এবং কর প্রশাসনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

রিটার্ন দাখিলের সময়সূচি ও সুবিধা

* ১ জুলাই–৩০ সেপ্টেম্বর: পরিশোধযোগ্য করের সর্বোচ্চ ৫% বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়।
* ১ অক্টোবর–৩১ ডিসেম্বর: কোনো কর প্রণোদনা নেই।
* ১ জানুয়ারি–৩১ মার্চ: পরিশোধযোগ্য করের ২% অথবা ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর।
* ১ এপ্রিল–৩০ জুন: পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর।
*
কর বিশেষজ্ঞদের মতে, নতুন এই প্রণোদনা সময়মতো রিটার্ন দাখিলের প্রবণতা বাড়াবে, করজাল সম্প্রসারণে সহায়তা করবে এবং সরকারের রাজস্ব আহরণ আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *