—ভাইয়ের জন্য ১৬ বছরের ক্যাভান সুলিভানের সাহস
—মেসির মায়ামির বিপক্ষে ফুটবলমাঠে ভ্রাতৃত্বের অনন্য দৃশ্য
ফিলাডেলফিয়া : বয়স মাত্র ১৬। কিন্তু গতকাল ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ তারকা ক্যাভান সুলিভান যেন প্রমাণ করলেন—সাহসের কোনো বয়স নেই, আর ভাইয়ের প্রতি ভালোবাসারও কোনো সীমা নেই।
ফিলাডেলফিয়ার সুবুরু পার্কে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় ২–২ গোলে ড্র দিয়ে। ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন ১৬ বছর বয়সী ক্যাভান সুলিভান। তাঁর বড় ভাই কুইন সুলিভানও ইউনিয়নের হয়ে খেলেন। শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছোটভাই ক্যাভান বড়ভাইয়ের পাশে দাঁড়ান। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে।
ঘটনার একপর্যায়ে ক্যাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়। তবে মাঠের সেই উত্তপ্ত মুহূর্ত ছাপিয়ে আলোচনায় এসেছে ক্যাভানের ভাইয়ের প্রতি তাঁর আনুগত্য ও সাহস।

ক্যাভান ও কুইনের ভাইয়ের সম্পর্ক ফুটবলের মাঠে নতুন নয়। ক্যাভান তাঁর বড়ভাই কুইনকে ছোটবেলা থেকেই অনুসরণ করে আসছেন। কুইন ২০২১ সাল থেকে ইউনিয়নের প্রথম দলের খেলোয়াড় এবং ক্যাভানের পেশাদার ফুটবলে উঠে আসার পথেও বড় ভাইয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ক্যাভান নিজেই বলেছেন, দুজন সবসময় একে অপরের পরামর্শ ও সমর্থনের ওপর নির্ভর করেন।
২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ক্যাভান এমএলএসে অভিষেক করে ইতিহাস সৃষ্টি করেন। সেই ম্যাচেও তিনি বড়ভাই কুইনের সঙ্গে একই মাঠে খেলেছিলেন—কুইন গোল করার পর ক্যাভান মাঠে নেমে তাঁর সঙ্গে উদযাপন করেন।
এখন ১৬ বছর বয়সে ক্যাভান শুধু প্রতিভাবান তরুণ ফুটবলারই নন, বরং ফিলাডেলফিয়ার ফুটবলে নতুন প্রজন্মের অন্যতম আলোচিত মুখ। ২০২৬ সালে তিনি ইতোমধ্যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইতিহাস গড়েছেন এবং ১৬ বছর বয়সেই গোল করে প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম কনিষ্ঠ গোলদাতা হয়েছেন।

গতকালের ম্যাচে স্কোরলাইন হয়তো ২–২। কিন্তু ক্যাভানের জন্য রাতটি ছিল আরও ভিন্ন অর্থে স্মরণীয়—মাঠে তারকা খেলোয়াড় লিওনেল মেসি থাকলেও, আলোচনার বড় অংশজুড়ে ছিল ফিলাডেলফিয়ার ১৬ বছরের এই তরুণ এবং তার বড় ভাইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা।
ক্যাভান যেন আবারও মনে করিয়ে দিলেন—ফুটবলে জয়-পরাজয়ের হিসাব থাকে, কিন্তু ভাইয়ের পাশে দাঁড়ানোর গল্পগুলো মানুষের মনে থেকে যায়।
লেখক ও সম্পাদক, ফিলাডেলফিয়াপত্রিকা



