ফিলাডেলফিয়া প্রতিনিধি
পেনসিলভানিয়ার ফ্রাঙ্কোনিয়া টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর দেশের বাড়ি চাঁদপুর। তিনি যুক্তরাষ্ট্রের ল্যান্সডেলে বসবাস করতেন এবং হ্যাটফিল্ড মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৭ মিনিটে কাউপাথ রোডের ১০০ ব্লকে একটি ধূসর ও একটি রুপালি রঙের সেডানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আবুল কালাম আজাদ নিহত হন এবং আরও দুজন আহত হন। আহতদের গ্র্যান্ড ভিউ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফ্রাঙ্কোনিয়া টাউনশিপ পুলিশ হ্যাটফিল্ড ও টোওয়ামেসিন পুলিশ এবং মন্টগোমারি কাউন্টি ডিটেকটিভ ব্যুরোর সহযোগিতায় দুর্ঘটনার তদন্ত করছে। দুর্ঘটনার কারণে কাউপাথ রোডের লেইডি রোড থেকে মিডো উড লেন পর্যন্ত সড়কের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মরহুম আবুল কালাম আজাদ চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সন্তানদের মধ্যে ১৪ ও ৮ বছর বয়সী দুই ছেলে, ৭ বছর বয়সী এক মেয়ে এবং ৯ মাস বয়সী যমজ দুই ছেলে রয়েছে।
তাঁর আকস্মিক মৃত্যুতে ল্যান্সডেল ও হ্যাটফিল্ড এলাকার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।


