ফিলাডেলফিয়া প্রতিনিধি
গঙ্গা (পদ্মা) ব্যারাজ, নদী, পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করেছে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (BEN)। আগামী শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারের বিষয় “গঙ্গা (পদ্মা) ব্যারাজ : প্রশ্ন ও প্রস্তাব”। বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১১টা এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. মো. খালেকুজ্জামান, অধ্যাপক, জিওলজি অ্যান্ড ওশানোগ্রাফি, কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া এবং BEN-এর গ্লোবাল কো-অর্ডিনেটর।
আলোচনায় অংশ নেবেন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত ও নেপালের ভূতত্ত্ব, পানি, পরিবেশ, GIS, গবেষণা ও নদী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে রয়েছেন মো. আবদুল্লাহ আল বাকী, ড. আহাদ চৌধুরী, মো. জাকির হোসাইন, সৌম্য দত্ত, দীপক গ্যাওয়ালি এবং পরিণীতা দানদেকার।
ওয়েবিনারে সভাপতিত্ব করবেন ড. নজরুল ইসলাম, অধ্যাপক, Asian Growth Research Institute, জাতিসংঘের সাবেক উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান এবং BEN-এর প্রতিষ্ঠাতা।
আয়োজকদের মতে, গঙ্গা (পদ্মা) ব্যারাজকে ঘিরে নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও আলোচনা তুলে ধরাই ওয়েবিনারের মূল উদ্দেশ্য।
ওয়েবিনারে অংশগ্রহণের লিংক আয়োজকদের পোস্টের কমেন্টে দেওয়া হবে। আগ্রহীদের নিজ নিজ স্থানীয় সময় অনুযায়ী সময় মিলিয়ে ক্যালেন্ডারে অনুষ্ঠানটি সংযুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



