- বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রবাসী চিকিৎসকদের সম্পৃক্ত করার উদ্যোগ
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণার উন্নয়নে উত্তর আমেরিকায় বসবাসরত বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কের ম্যানহাটানে গ্র্যান্ড হায়াত হোটেলে বাংলাদেশের ডক্টরস ফোরাম অব নর্থ আমেরিকা (BDFNA) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে চিকিৎসক ও গবেষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে তাঁর সরকারের আগ্রহের কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের স্বাস্থ্যসেবা খাতে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মতো একই মাত্রার পারিশ্রমিক সবসময় দেওয়া সম্ভব নাও হতে পারে; তবে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রকল্পে প্রবাসী বিশেষজ্ঞদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা যেতে পারে। এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিভিন্ন চ্যালেঞ্জের পাশাপাশি হাম-রুবেলা টিকাদান, লিভার ট্রান্সপ্লান্ট, চিকিৎসাশিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আলোচনা অংশগ্রহণ করেন BDFNA সভাপতি ড. ইবরুল চৌধুরীসহ অনেকে। প্রবাসী চিকিৎসকদের সঙ্গে দেশের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনাও আলোচিত হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও BADV-এর সাবেক সভাপতি ড. ইবরুল চৌধুরী এবং তাঁর স্ত্রী, BADV-এর সাবেক সভাপতি ফারহানা আফরোজ চৌধুরী পাপিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. ইবরুল চৌধুরী বাংলাদেশ-ইউএস চেম্বারের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসীদের বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয়ে পরিচালিত স্বাক্ষর সংগ্রহ অভিযান সম্পর্কেও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রবাসীরা যাতে শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য স্বাস্থ্যসেবা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে সরাসরি আর্থিক সহায়তা করতে পারেন, সে বিষয়েও আলোচনা হয়। ড. ইব্রুল চৌধুরীর উত্থাপিত প্রস্তাবগুলো প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে শোনেন এবং পরবর্তী সময়ে এসব বিষয়ে নিয়মিত যোগাযোগ ও ফলোআপের জন্য তাঁর কার্যালয়ের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক, গবেষক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে মতবিনিময় শেষ হয়।



