ইতিহাস
ইতিহাস ইতিহাসের মতো হেঁটে যাক ওকে থামিও না
চলো বিষন্ন পৃথিবীর ডাক শুনি
রক্তক্ষরণের রঙ দিয়ে এমন একটা মুখ আঁকি, প্রতিটি রেখায় থাকবে সত্যের সন্ধান
ওকে শুনতে দাও প্রতিটি শব্দের ব্যথা বুঝতে দাও অসীম সাদা অথবা কালো নইলে চিহ্ন শেষের আগে
আত্মার খিস্তি-খেউড় শুনতে শুনতে ঝলমলে চাঁদ ঝরে পড়বে জরাগ্রস্ত ভবিষ্যতের কবিতায়
ইতিহাসকে মুক্ত করো অলৌকিক গল্পের নিঃশক্ত অন্ধকারের হিম ও উষ্ণতা থেকে
শরীরের নরম স্বাদ থেকে বেরিয়ে মানবী থেকে মানবিকতার পথে অসীম উন্মেষে
চালকহীন গাড়ি
তুমি যেন দূরের পর্বতে সূর্যাস্তের উৎসব
অন্ধকার সরিয়ে বৈসাবি উজ্জ্বলতায়
নদী ও ঝরর্ণা থেকে কুড়িয়ে তোলা ফুল
পুরনো যা কিছু ধুয়ে দিতে
নিচে মাটি কেটে বোঝা ঘাড়ে উঠে যাচ্ছে যে পাহাড়ি মেয়েটি
সে যেন চালকহীন গাড়ি
সংসারের শিঙায় ফুঁ দিয়ে বাজিয়ে চলেছে বাদ্যি
লাউয়ের খোলে তার ভাঙাচোরা সংসার
নুড়ি পাথর
শুকনো পাতার গায়ে গা লেগে গেলে
ওরে বাবা, বড্ড বিরক্তি
উদাস বাউল হাওয়া শিরীষ পাতায় সাজানো তার অভিমান
বলি, বেঁচে থাকতে কতটুকু ঠিকানা লাগে, বলো?
কতটুকু আলো কতটুকু অন্ধকার সরালে
দিক বদলে উজ্জ্বলতাটুকু তুলে দিতে পারি তোমার হাতে
কতটুকু বদলে গেলে শূন্য আরও শূন্যে
গভীর খাদে সামান্য ক্ষুধায় বেঁচে থাকার মানে খুঁজি
খুচরো দুঃখ আমাদের মৃত্তিকার গর্ভে নুড়িপাথরের পাশে স্থির হতে শেখায়
শালবন থেকে উঠে আসা দিন
আজ ভোরে শালবন থেকে উঠে আসা একটি দিন
কেউ ভাবেনি ঝাঁকে ঝাঁকে মৌমাছি বন থেকে ঢুকে পড়বে লোকালয়ে
তা দেখে এতটুকু অবাক হলো না কেউ
যে যার মতো কাজে ব্যস্ত
গেরুয়া রঙ গায়ে জড়িয়ে
গরুগুলো শুঁয়ে আছে ঘাসে মুখ গুজে
এক লোক হন হন করে বাগানের দিকে হেঁটে উধাও
যেন নীল ধুলো হাওয়া লাগিয়ে উড়ে গেলো
উড়ে গেলো ঝাঁকে ঝাঁকে মৌমাছি ভ্রমরের নেশায়
আমি ওদের একমুঠো ছায়া দেব বিনিময়ে ওরা আমাই
লিখে দেবে অবগাহনের লিপি নাগরিক জীবন

মেহনাজ মুস্তারিন
কবি ও কথাসাহিত্যিক
রাজশাহী শহরের মহিষবাথানে মেহনাজ মুস্তারিনের জন্ম; সেখানেই বেড়ে ওঠা, সেখানেই তাঁর শিকড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর। লেখকের প্রকাশিত বই : যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ (গল্পগ্রন্থ), নিমপাতার জল (কবিতা), জলের নিচে শব্দ (কবিতা), কথাদের জলরং (গদ্যগ্রন্থ)।



