প্রবন্ধ সাহিত্য

এক জ্ঞানান্বেষী শিক্ষকের ধারাভাষ্য || ঈশিতা

শেয়ার করুন:

“একেকটা কনফারেন্স, একেকটা সম্মিলন, একেকটা জায়গা, জায়গার মানুষ, পথঘাট, ল্যাম্পপোস্ট বহুমাত্রিক দ্যোতনা নিয়ে জড়ো হয় আমার চিন্তার অলিন্দে। তৈরি করে নিটোল বিস্ময়। কত প্রাচুর্যে ভরা থাকে একেকটা মিলনায়তন, কত সুন্দর গড়াগড়ি খায় দিঘল বারান্দায়। একেকটা প্রেজেন্টেশন, একেকজন প্রেজেন্টার, একেকটা সেশন, গলায় ঝোলানো একেকটা ফিতা—আইডি কার্ড, আমার কাছে একেকটা মাস্টার ক্লাসের মতোই মনে হয়।” এভাবেই ভূমিকা দিয়ে প্রণবকান্তি দেব শুরু করেছেন তার সম্প্রতি প্রকাশিত ‘জানা পথে অজানা প্রান্তরে’  গদ্যগ্রন্থটি। গ্রন্থটি পড়তে পড়তে মনে হয় আমরা নিজেরাই যেন ভ্রমণ করছি ভারত, নেপাল, কিংবা কথা বলছি IATEFL, TESOL কনফারেন্সে। এ গ্রন্থের সবচেয়ে বড় শক্তি হলো বর্ণনার যাদুতে পাঠককে গভীরে টেনে নেয়া। বিষয়বস্তুতে স্মৃতিগদ্য কিংবা ভ্রমণমূলক হলেও ‘জানা পথে অজানা প্রান্তরে’ লেখকের ব্যাক্তিগত ভাবনাজাল ভেদ করে পৌঁছে গেছে শিক্ষা,শিক্ষকতা, গবেষণা কিংবা সেমিনার-সিম্পোজিয়াম পিয়াসু সবার অন্তরে। মূলত নিত্যনতুন জ্ঞানচর্চায় এক অনুসন্ধিৎসু শিক্ষকের ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্পকেই দুই মলাটে বন্দী করেছেন প্রণবকান্তি দেব।

লেখক তাঁর গ্রন্থের ভূমিকাতেই শিক্ষকতার মহান উদ্দেশ্য পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘চিত্তের প্রসার ও চরিত্রের বলিষ্ঠতা নিয়ে বাঁচার জন্য আমি শিক্ষকতাকে বেছে নিয়েছি। আমি চেয়েছি শেখার-জানার-বোঝার মাধুর্যে জীবনটা কাটুক। আমি চেয়েছি প্রতিদিনের ক্ষুদ্র জীবনের উপর একটু করে হলেও জ্ঞান-প্রজ্ঞা-সৃজন-মননের মহিমারশ্মি পড়ুক। আমি চেয়েছি হুকুম পালন নয়; দায়িত্বের আভিজাত্যে, স্বাধীন ভাবোচ্ছ্বাসে জীবন কাটুক (পৃষ্ঠা ৪)।”

মোট নয়টি অধ্যায়ে বিভক্ত গ্রন্থটির অধ্যায়গুলো বিভিন্ন দেশভিত্তিক সেমিনার এবং সিম্পোজিয়ামের অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে। সূচিপত্র থেকে জানা যায়, গ্রন্থটিতে রয়েছে শিক্ষকতার শুরুতে প্রথম বেলটা কনফারেন্সে অংশগ্রহণ, নেপালে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিসরে ভ্রমণ ও অভিজ্ঞতা, ইংল্যান্ডে আয়োজিত ইংরেজি শিক্ষকদের পৃথিবীর বৃহত্তম সম্মেলন আইএটিইএফএল, আমেরিকাতে আয়োজিত টিসল কনভেনশনে অংশগ্রহণ, যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে আইভিএলপি প্রোগ্রামে অংশগ্রহণের স্মৃতি সহ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অনুসন্ধিৎসু পর্যবেক্ষণ।

প্রতিটি অধ্যায়ে বিধৃত হয়েছে লেখকের বিভিন্ন রকমের অভিজ্ঞতা। একেকটা কনফারেন্সে পেপার পাঠানোর প্রস্তুতি, পেপার সাবমিশনের নানা প্রতিবন্ধকতা, তুমুল প্রতিযোগিতা শেষে প্রপোজাল গৃহীত হওয়ার আনন্দ, এবং শেষে অংশগ্রহণের নানা স্মৃতি। লেখক জানাচ্ছেন—“টিসল থেকে ফেরার পরই IATEFL মিশনে নামি। ওয়েবসাইট থেকে পূর্বের বছরগুলোর কনফারেন্স নিয়ে স্টাডি করি। ড্রাফট করি। ভুল হয়। সংশোধন করি। আবারও নতুন ভুল হয়, নতুন আইডিয়া মাথায় আসে। প্রথমটা অনেক বদলে যায়। এভাবে বেশ কয়েক সপ্তাহের খাটুনিতে প্রস্তুতি হয় প্রপোজাল। সাবমিশনের ধাপ খুবই টেকনিক্যাল। একটু একটু করে আগাই। ভুল বাটনে চাপ পড়লে আবার প্রথম থেকে। শব্দ সংখ্যা একটা বেশি হলে সাবমিশন হয় না। ইন্টারনেটের গতি স্লো, পেইজ ডাউন। যন্ত্রণার সাতকাহন পেরোতে হয়। অবশেষে সফলতা ধরা দেয়। সাবমিশনের পর শুরু অপেক্ষার পালা। বারে বারে ইমেইল চেক করি। নোটিফিকেশনের শব্দে কান পেতে রই। অবশেষে সেই কাঙ্ক্ষিত ইমেইল আসে। পেপার গৃহীত হয়। (পৃষ্ঠা  ৪৭ / এ জার্নি টু লন্ডন, এ জার্নি ফর IATEFL)”

প্রতিটি অধ্যায়ে লেখক একটি বিষয়ের ওপর বারবার জোর দিয়েছেন—কেন আমাদের প্রতিষ্ঠানের বাইরে গিয়ে, ছোট গণ্ডির বাইরে গিয়ে বৃহত্তর জগতের সান্নিধ্যে যাওয়া দরকার। এর একটি অন্যতম বড় কারণ হলো পেশাগত জীবনের একাকিত্ব কাটানো। তখনই নোবেলজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘Home in the World: A Memoir’ বইটির কথা মনে পড়ে। বইয়ে তিনিও ঠিক এই গণ্ডি ভাঙার এবং বিশ্বনাগরিক হয়ে ওঠার ইঙ্গিত দিয়ে লিখেছেন, “I was born in a world that was very structured, but also very full of alternative possibilities।” অমর্ত্য সেনের মতোই প্রণবকান্তি দেব আমাদের মনে করিয়ে দেন যে শিক্ষকের মস্তিষ্ককে সবসময় জাগিয়ে রাখতে হবে। রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত উক্তি—”আই অ্যাম নট আ টিচার, বাট আ অ্যাওয়েকেনার”—এখানে যেন জীবন্ত হয়ে ওঠে। প্রণবকান্তি দেবের দীপ্ত উচ্চারণ –“কনফারেন্সে গেলে, চিন্তার জগৎ প্রসারিত হয়, স্বপ্ন দেখার জমিন বড়ো হয়। কনফারেন্সে গেলে শ্রেণিকক্ষে নতুন জ্ঞান নিয়ে ফেরা যায়; শিক্ষকজীবনে নতুন দ্যোতনা আসে। (পৃষ্ঠা  ১৮, প্রথম কনফারেন্স :অজানার দোরগোড়ায়, শেখার অনন্তযাত্রা)”

গ্রন্থটি প্রচলিত অর্থে ভ্রমণকাহিনী নয় কিন্তু লেখকের একাডেমিক অভিযাত্রার কাব্যিক বর্ণনা বইটিকে একাডেমিক ভ্রমণযাত্রা হিসেবে আখ্যায়িত করার সুযোগ তৈরি করে দিয়েছে। সৈয়দ মুজতবা আলীর মতো রস নেই কিন্তু পড়তে পড়তে গ্রন্থের মধ্যে অনেক আধুনিক টিচিং টার্মিনোলজির খোঁজ মেলে, যা শিক্ষকদের পেশাগত চিন্তাকে সমৃদ্ধ করতে পারে। বইটিতে আমরা যুক্তরাষ্ট্র সরকারের IVLP প্রোগ্রামের কথা কিংবা ‘e-teacher scholarship’-এর মতো দারুণ সব সুযোগের কথা জানতে পারি, পরিচিত হতে পারি বিভিন্ন চমৎকার গবেষণাকর্মের সাথে। একইসাথে গ্রন্থের অধ্যায়গুলোর সাথে মিশে আছে দর্শনের এক গভীর পাঠ—”We live from moment to moment”, যা আমাদের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচতে এবং ‘Mindfulness’ বা মননশীলতার চর্চা করতে শেখায়।

লেখক একজন শিক্ষক এবং গবেষক। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, শিক্ষকতায় শেখার বিকল্প নেই। ‘জানা পথে অজানা প্রান্তরে’ আসলে তাঁর সেই জ্ঞান অন্বেষু যাত্রারই একটি মুগ্ধ দলিল। গ্রন্থটি তরুণ প্রজন্মের শিক্ষক,শিক্ষার্থী এবং গবেষকদের জন্য অনুপ্রেরণার হতে পারে নিঃসন্দেহে। আবার শিক্ষকতার মহত্ত্ব ও মাধুর্য ছড়িয়ে দিতে এ গ্রন্থটি হতে পারে মোক্ষম মাধ্যম। কিন্তু লেখক একজন  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাঁর অভিজ্ঞতা মূলত দেশ-বিদেশের সেমিনার, সিম্পোজিয়াম এবং বড় বড় স্কলারশিপ কেন্দ্রিক। ফলে বাংলাদেশের প্রাথমিক বা মাধ্যমিক স্তরের একজন সাধারণ শিক্ষক, যিনি প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলে ভাঙা অবকাঠামো, তীব্র অর্থনৈতিক সংকট আর বৈষম্যের মাঝে ক্লাস নেন—তাঁর জীবনের রূঢ় বাস্তবতার সাথে লেখকের এই ‘অভিজাত বিদ্যায়তনিক ভ্রমণ’ (Elite Academic Tour) কিছুটা দূরত্ব তৈরি করে। তাঁর আলোচনা উচ্চ-বিদ্যায়তনিক বা ‘হাইলি অ্যাকাডেমিক’। তাই সাধারণ পাঠকদের জন্য গ্রন্থটির ভাষা কিছুটা জটিল মনে হতে পারে।

গ্রন্থটি পড়তে পড়তে আমরা খোঁজ পাই পৃথিবীজুড়ে  শিক্ষকদের বিভিন্ন পেশাদার সংগঠনের। যেমন BELTA, NELTA, AINET, TESOL, IATEFL ইত্যাদি। গ্রন্থজুড়ে কিছু শক্তিশালী শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। যেমন- ‘Teacher empowerment’, ‘ ক্লাসরুম কমিউনিটি (classroom community)’, ‘অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট (alternative assessment)’, ‘অথেন্টিক ম্যাটেরিয়ালস (authentic materials)’, ‘মাইন্ডফুলনেস-বেজড ইন্টারভেনশনস (mindfulness-based interventions)’, ‘রিফ্লেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং (reflective teaching and learning)’ ইত্যাদি। এ বিষয়গুলো শিক্ষা সংশ্লিষ্ট পাঠকের মনে তুমুল ভাবনার আলোড়ন তৈরি করে। গ্রন্থটির পাতায় পাতায় যেমন আছে অন্যান্য দেশের শিক্ষাব্যবস্থা ও মানুষের শিক্ষার প্রতি বিপুল আগ্রহের কথা, তেমনি সমান্তরালভাবে উঠে এসেছে বিভিন্ন জায়গার মানুষের জীবনাচরণ, খাবারদাবার, মিউজিক, প্রাকৃতিক সৌন্দর্য ও অনুপম স্থাপত্যকলার ইতিহাস।

এই গ্রন্থটি আমাদের ভীষণভাবে মনে করিয়ে দেয় অধ্যাপক আনিসুজ্জামানের ‘বিপুলা পৃথিবী’ এবং অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ‘নিষ্ফলা মাঠের কৃষক’ বই দুটির কথা। যদিও লেখক তাঁর বইয়ের শেষে একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছেন, যদিও শুধু বিশ্ববিদ্যালয় নয়, আজ প্রাথমিক থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরেই হতাশাজনক চিত্র। এত প্রতিকূলতার মাঝেও একটি আশার আলো শেষ পর্যন্ত আমরা এই বইয়ে খুঁজে পাই। লেখক স্পষ্ট করে বলেছেন যে, শিক্ষা গ্রহণ করতে হলে শুধু চারদেয়ালের প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং আমাদের চারপাশের উন্মুক্ত প্রকৃতি থেকে প্রতিনিয়ত শিক্ষা নিতে হবে। এই প্রেক্ষিতে তিনি অমর্ত্য সেনের মতোই শান্তিনিকেতনের সেই মুক্ত ও উদার জ্ঞানচর্চার কথা স্মরণ করেছেন।

একজন পাঠক হিসেবে আমার মনে হয় ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থটি বেশকিছু কারণে আমাদের জীবন বাস্তবতার সাথে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে শ্রেণিকক্ষের বাইরেও যে অনেক কিছু শেখার আছে, তা জানতে কিংবা একজন শিক্ষকের একাডেমিক ও পেশাগত যাত্রার অভিজ্ঞতা জানতে এই গ্রন্থটি পাঠ আবশ্যক বলে মনে হয়। আবার ভ্রমণকে শুধু ঘোরাঘুরি নয়, শেখার একটি মাধ্যম হিসেবে দেখতে, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহ তৈরি করতে, দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা-পরিবেশ সম্পর্কে জানতেও এ গ্রন্থটি সহায়ক হতে পারে। অন্যদিকে, শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলন ও পেশাগত যোগাযোগের অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পেতে এবং শিক্ষার্থীদের নতুন কিছু শেখার ও জানার জন্য অনুপ্রাণিত করতেও এ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবচেয়ে বড়ো ব্যাপার হলো, ভ্রমণ, শিক্ষা, গবেষণা ও জীবনের অভিজ্ঞতার মধ্যে সম্পর্ক খুঁজে পেতে প্রণবকান্তি দেবের এই গ্রন্থটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হতে পারে নি:সন্দেহে।

প্রকৃতপক্ষে, আমাদের চারপাশের হতাশা ও রাজনৈতিক কলুষতার মাঝেও কীভাবে শিক্ষকেরা নিজেদের সমুজ্জ্বল রাখতে পারেন, প্রদীপের সলতেতে তেল দিয়ে এগিয়ে যেতে পারেন এবং প্রকৃতির উদারতা থেকে দীক্ষা নিয়ে নিজেদের প্রতিনিয়ত নতুন ছাঁচে ঢেলে সাজাতে পারেন—’জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থটি সেসব বিষয়কে পাঠকের সামনে উন্মোচিত করে নি:সংকোচে।

সিলেটের অভ্র প্রকাশনী থেকে শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে প্রকাশিত গ্রন্থটি শেষ হয় আশা-নিরাশার সন্ধ্যা প্রদীপের মতো। গ্রন্থের শেষভাগে লেখক একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেন আবার শংকার কথাও বলেন। তবে ইতি টানেন বহুদূর যাবার প্রত্যয়ে—’Miles to go before I sleep। ‘


ঈশিতা। সিলেটের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। লেখালেখি এবং সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *