সময়ের পিঠে মন্থর, সময় ছেড়ে গেছে,
পেছনে সহিসের অলস অন্ধ ঘোড়া,
কোনোদিন লক্ষ্যে পৌঁছাবে কি না
ঘোরতর সংশয়,
এক এক করে
বহুদূর পৌঁছে গেছে পথিকেরা,
ঘোড়ার ভ্রক্ষেপ নেই পৌঁছানোর,
এলোমেলো পথ, অচেনা পথ;
পাহাড় সমুদ্র বিরান প্রান্তর,
ফসলের ঋতুকালীন শোভা,
নভোনীল আকাশের প্রায়শ পরিবর্তন,
নিরঙ্কুশ নির্জন স্তব্ধ পৃথিবীর
বেঁচে যাওয়া অরণ্যের কোল ঘেঁষে
অন্ধ ঘোড়ার ইহলৌকিক জীবন সম্ভার,
এই করে করে পরমায়ু নিভে যায়,
নিদ্রিত জাদুঘরে রক্ষিত সংগ্রহশালায়
প্রদর্শিত মাটির ভাঙা কুপি
বাতির সমূহ স্মারকে,
গভীর মাটির খননকার্যে
কবে কোথায় কোন গৃহস্থ বঁধু,
স্নান সমাপনে ঘরের অন্ধকার ঘোচাবে,
আলোর সম্ভাবনায়
পবিত্র নরম হাতে
জ্বেলেছিল তেলের প্রদীপ শিখা
সময়ের অন্ধ ঘোড়ার পিঠে চড়ে, কিংবা
বিকল মাহাকাশ যান কক্ষপথ হারিয়ে,
স্থলে ও নভোনীলে
সমান্তরাল অভিযাত্রিকদ্বয়
পুনরায় বাঁচার স্বাদ পেয়ে
অনন্তকাল অপেক্ষায় প্রাচীন
নদীর গভীর বাঁকে পৌঁছাল,
ভূমি ক্ষয় ও নক্ষত্র বিস্ফোরণে
বিস্মৃত মানুষের চিহ্ন, গভীর জলের
এই অভয়ারণ্যে;
জলজ প্রাণীসমূহ শিকারে বিলুপ্তপ্রায়
যারা বেঁচে আছে সংখ্যায় লঘু
জল স্থল শূন্যে
বয়সে প্রবীণ মাছেরা
ফিরে পেয়েছে প্রজননের স্বাধীনতা
অগাধ জলের মন্থর স্রোত
বয়ে এসেছে আদি মহাকাল পাহাড়ের
সুসংবাদ, প্রাণের অর্ঘ্য,
জলজন্মের সুবাতাস
শান্ত পৃথিবী ক্রমশ রুদ্র প্রকাশে
নাচের শব্দে জেগে ওঠে নরম অন্তর
আদিপুস্তকের পারম্ভিকা :
মহাকাশ ও পৃথিবী সৃষ্টি হলে,
শূন্য পৃথিবী ঢাকা ছিল অন্ধকার জলে
জলের উপর ভেসে রয়েছে
প্রথম প্রাণের ধ্বনিমন্থন
অতঃপর বহমান বহু বহু প্রাণের যুথ সংস্কার,
এমন জলের দিকে
জলেরই মৃদুমন্দ শব্দমুকুরে
আরো কোটি আলোকবর্ষ পেরোনো যায়।
প্রবহমান জলের বাঁক পেরোলে,
মৃত বালিয়াড়ি, ক্ষয়প্রাপ্ত
বণিকের বজরার স্মারক
স্তিমিত গতির সমূহ প্রয়াণ সম্মিলনে
জল ও মৎস্যের উৎস ফুরালে, বিপন্ন
মানুষ সঞ্চয় করেছে মূল্যবান ধাতু খনিজ
পলিহীন ভূমির অন্তর শোষণ করে
ফলেছে রাসায়নিক খাদ্যসমাহার
শুকনো পোড়া ফসলের, ছাইমাখা
শস্যদানার শেষটুকুর আশায়
ক্ষুধার্ত পাখিরা এসেছে
মৃত নগরের প্রান্তর ছেড়ে
কোনো স্বজন নেই পাখিদের,
শস্য ফল দানের,
বিরান বালিচরের আকাশে উড়ছে ছিন্ন নিশানা,
সামান্য সুস্বাদু জলের ঠিকানায়
ফাঁকা পড়ে আছে দরজাহীন ক্ষীনতর কুটির,
একক মানুষের পথ ধরে
পৌঁছে যাবে নতুন ঠিকানায়
নদীর বিশাল চর জুড়ে,
জেগে আছে ভাঙনের দীর্ঘ কথা,
সমৃদ্ধ বসতের দীর্ঘশ্বাস
বণিকের বজরা বাণিজ্যের বেসাতি,
পুরুষানুক্রমিক যাত্রায় সমৃদ্ধির ছায়ায়
একদিন আবিশ্ব দোর্দণ্ড পরিচয়,
পুরাণে মহত্বলিপি সঞ্চয়
হাতের তালুর উপর সমুদ্র ও নক্ষত্র জ্ঞানের গরিমায়,
লাভের মধুময় মসলার সৌরভ ছড়াতে ছড়াতে
সতেজ পৃথিবীকে করেছে বিপন্ন,
সেই বণিক নিজের মৃত্যুর মুঠিভরা ছাই
কালকে অর্পণ করে
অমর অজর পীতাভ জলের গহিনে দেখেছিল
মানুষের পরাজয়ের নিয়তির ক্রূর হাসি
অলৌকিকের কাছে হার মেনে মেনে
মানুষ আজও জীবনের বীজের
অন্তরে জেগে আছে
প্রকৃতি ও জলের মাতৃক্রোড় ছেড়ে
চলেছে যেন অন্ধকার সুড়ঙ্গের মায়ায়
মারী ও মড়কের আজ সাক্ষাৎ রাক্ষসরূপ
ফসিল জল অরণ্যের সন্ধানে সকল প্রায়শ্চিত্ত
গ্রহণ করবে আদি পৃথিবীর সুশৃঙ্খল কালপরিক্রম
সমূহ পতনের সূচনায় বিবাগী পুরুষ
সেও রুগণ পৃথিবীর শুশ্রূষায় নিঃশব্দে
পথের ভিন্নতায় অনুসন্ধিৎসু
চিরসত্য মানুষের সংসার ছেড়ে
অরণ্য স্বচ্ছ জলের উৎসে
অতিবৃহৎ শীতল পাহাড়ের চূড়ায় মৌন মন্থর
কালেরও পূর্বে অধিষ্ঠিত,
সেই জন্ম ও ধ্বংসের বীজ
ধারক রূপে মাথা তুলে আছে
অসীম অলৌকিকের বিমূর্ততার অভিমুখে
পথ বিরামহীন, পথ সরাইখানার অবসরে
পথের অপেক্ষায়
নদী বহু পথ এসে সন্ধ্যার নির্জনতায়
কোনো এক গৃহের দরজায় উপস্থিত
এই যেন তার অনুশোচনা
ভাঙনের কবলে পড়ে উজাড় জনবসতির
কারো ছায়াটুকু বেঁচে আছে
একক লণ্ঠন হাতে গৃহে আলো মায়াময়
বহুকাল পেরিয়ে গৃহের ছায়া
পুকুরের ঘাট
ঘন বাগানের নির্জনতায় সম্ভাব্য স্থাপত্য রচিত করে
যারা গড়েছিল বসত
নদীই জীবন ও মৃত্যুর সন্ধিসমগ্র
নামসর্বস্ব
জলের বৈরিতায়,
জনবসতির হিংসায়
প্রস্থানের পথকে সজল অশ্রুময় করেছে
চিরবিদায়ের বেদনাকে সঙ্গী করে
আজও প্রৌঢ়ার এক হাতে চাঁদের লণ্ঠন
অন্য হাতে উষ্ণ পেয় জল
অভিযাত্রিকদের শীতল দিনাবসনের নিমন্ত্রণ
বনফুলের রাত্রিকালিন সৌরভ
অগাধ কীট ও নিশাচর প্রাণীদের সরব উপস্থিতি
নদীর শীতল হাওয়া
বৃহৎ পাহাড়ের শান্ত দূরভাষ
সর্বপ্রাণের মিলিত বহৎ আয়োজনের উপস্থিতি
প্রৌঢ়ার উনুনে চড়েছে চিরসেবা
তার সুগন্ধে ত্রিলোক মথিত
এক অপরূপ মৎস্যকন্যা,
প্রৌঢ়ার মাতৃযৌবনের প্রতিরূপ
সুস্বাদু মাছেদের বয়ে এনেছে
জল মসলায় লঘু পাক
আজন্ম ক্ষুধায় অতি সামান্য আহার
ভোজনে তৃপ্ত অন্তর খোঁজে
পরম অলৌকিকের দরবার
আর যেন কোনো সূর্য উদিত না হয়
প্রার্থনায় দীর্ঘ ঘুম
মাতৃজঠরের সঙ্গমসুখ বয়ে যায়
এই নদীর গতি মানুষকে দিয়েছিল সরল বিশ্বাস
উৎপাদন করেছে ফসল
সংলগ্ন নব নব জীবিকার বৈচিত্র্যকুশলতা
মোহনার মিলনস্থলে সাজিয়েছে
নিপুণ কারুকার্যের উৎসব
প্রকৃতির কোলেই জন্ম
লালন করেছে পিতৃপুরুষের সঞ্চিত অভিজ্ঞতা
মৃত নদীর মতোই জলজীবনের ফল্গুধারায়
চতুর মানুষ রচনা করেছে
বিভেদের কৌশল
নিরন্ন সহজ মানুষ
সেই আনন্দময় জীবনের সহস্রধারায়
কৌলিক স্রোতে জাগিয়েছে প্রাণসঞ্চার
কারা বয়ে এনেছে অদৃশ্যের শাসন
রাষ্ট্রসংঘের কূটাভাস
পররাষ্ট্র শিকারের সুস্বাদু টোপ
তারা চতুর্মাত্রিক শোষণের অগ্নিদাহে পুড়ে পুড়ে
গোটা মানবের অন্তরে রেখে গেছে
আগাম ধ্বংসের বীজ
অসুখের মহামারীর ভবিষৎ
পথ অনিঃশেষ পথ নবনির্মিত সূত্র
অন্ধকার সংশয় আলো নিভে যাওয়ার শঙ্কায়,
সেই কবির স্বপ্ন সাধ নয়—
সভ্যতার চোরাবালির অন্তস্থ ছায়ায়
দেখেছিল জীবনশোভার শেষ অঙ্ক,
বোধ যুগান্ত ভাব প্রকল্প নিশ্চয়
যেসব প্রাণী বিলুপ্ত,
ক্ষুদ্র ও বৃহৎ; বৃহদারণ্যকের
বেঁচে থাকা অক্ষয় জীবন
সমস্ত প্রেরিত লিখিত বর্ণমালার সম্ভার পুড়িয়ে
প্রবীণ পৃথিবী নবীন পৃথিবীরও পূর্বরূপে
বিভাব রচনা করে চলেছে মুহুর্মুহু

ঋপন পরামানিক। কবি ও কথাসাহিত্যিক। জন্ম ১৯৮১, পাকশী, পাবনা, বাংলাদেশ। সম্প্রতি ‘কৌমের পরিচয়’ নামে একটি গল্পসংকলন প্রকাশিত হয়েছে। পেশাগতভাবে প্রাকৃতিক চাষ ও নিরাপদ খাদ্য উৎপাদনে নিয়াজিত রয়েছেন।



