সমাজ

নিউ হোপ হোম কেয়ারের কমিউনিটি গেট-টুগেদার

শেয়ার করুন:

বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক, ফিলাডেলফিয়া

সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হয়েছে নিউ হোপ হোম কেয়ারের ‘কমিউনিটি গেট-টুগেদার ২০২৬’। গত ১০ নভেম্বর ঢাকা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইহাছাডাও ২০টির বেশি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

‘মানুষে মানুষে সংযোগ, মুখে মুখে হাসি, বন্ধুত্বের বন্ধনে গড়ি সম্প্রীতি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিউ হোপ হোম কেয়ারের কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা এবং কমিউনিটির প্রতি সহযোগিতার বিষয়গুলো সবার সামনে তুলে ধরা।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটিকে ঘিরে বিভিন্ন প্রশ্ন, আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে আয়োজনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিজেদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের বিস্তারিত অবহিত করা হয়। বিশেষ করে নিউ হোপ হোম কেয়ারের পক্ষ থেকে বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক উদ্যোগে আর্থিক সহায়তা সহ নানাভাবে পাশে থাকার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন আবুল হাসনাত রাশেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরে আলম পলাশ ও মো. জামাল উদ্দিন।

শুরুতেই বিশিষ্ট ব্যবসায়ী সালাম এ খান সিটি লাইসেন্স ও সিটি ট্যাক্সসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট নিয়মকানুন ও প্রয়োজনীয় বিষয়গুলো সহজভাবে তুলে ধরে উপস্থিত অতিথিদের ধারণা দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নিউ হোপ হোম কেয়ারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানটির সিইও সাইফুজ্জামান ড্যানি। তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম, দায়িত্ব ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা এবং বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকারও উঠে আসে।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন নানা সীমাবদ্ধতার মধ্যেও সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ বাস্তবায়নে আর্থিক ও সাংগঠনিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ হোপ হোম কেয়ার এবং সাইফুজ্জামান ড্যানি বিভিন্ন সময়ে সংগঠনগুলোর প্রয়োজনে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা কমিউনিটির জন্য ইতিবাচক ভূমিকা হিসেবে বিবেচিত হওয়া উচিত।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নিয়ে প্রশ্ন কিংবা সমালোচনা থাকলে তা যাচাই-বাছাই ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের ইতিবাচক সামাজিক অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা উচিত। প্রবাসে পারস্পরিক সহযোগিতা, সম্মান ও আস্থার পরিবেশ বজায় রাখাই সবার দায়িত্ব।

অনুষ্ঠানে বক্তব্য দেন ড. ইবরুল চৌধুরী, মসজিদ আল মদিনার সভাপতি শেখ সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী সালাম এ খান, ফিলাডেলফিয়া বাংলা নিউজের সম্পাদক শেখ খুরশান, বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার (বিটিএসপি) সভাপতি গোলাম মোস্তফা টিপু, বিটিএসপির প্রধান উপদেষ্টা আজম মাহবুবুর রহমান, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি কামরুল হাসান, পেনসিলভেনিয়া বাংলা নিউজের সম্পাদক মো. নাজমুল হাসান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ সোহাগ, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটির সোলেমান ইবনে মজিব অন্তু, ময়মনসিংহ সোসাইটির সভাপতি মো. ওমর ফারুক এবং বিটিএসপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাইকুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইফুজ্জামান ড্যানির বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। তাঁদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর পাশে দাঁড়ানো, প্রয়োজনের সময় সহযোগিতা করা এবং কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

সব মিলিয়ে অনুষ্ঠানটি শুধু একটি সৌজন্য সমাবেশে সীমাবদ্ধ থাকেনি; বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ইতিবাচক সম্পর্কের গুরুত্ব তুলে ধরার একটি উপলক্ষ হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, মতপার্থক্য ও সমালোচনার ঊর্ধ্বে উঠে সবাই সম্মিলিতভাবে কমিউনিটির কল্যাণে কাজ করবেন। কারণ প্রবাসের মাটিতে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের ঐক্য ও শক্তির সবচেয়ে বড় পরিচয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *