প্রবন্ধ সাহিত্য

চিরবিদায় নিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞানী ড. পূরবী বসু

শেয়ার করুন:

সাহিত্য, বিজ্ঞান ও নারীজাগরণে অসামান্য অবদান; মরদেহ চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় দানের সিদ্ধান্ত

বাংলা সাহিত্য, বিজ্ঞানচর্চা ও নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ড. পূরবী বসু আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে নিজ বাসভবনে ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুসংবাদে বাংলাদেশসহ প্রবাসের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জীবদ্দশায় বিজ্ঞানমনস্কতা ও মানবকল্যাণে নিবেদিত ড. পূরবী বসুর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে দান করার প্রক্রিয়া চলছে। মৃত্যুর পরও গবেষণার কাজে নিজেকে উৎসর্গ করার এই সিদ্ধান্ত তাঁর বিজ্ঞানমনস্ক ও মানবিক জীবনদর্শনেরই অনন্য প্রতিফলন।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। মাত্র চতুর্থ শ্রেণিতে পড়ার সময় তাঁর লেখা গোয়েন্দা গল্প স্থানীয় দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৫৯ সালে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত দৈনিক পাকিস্তানের সাহিত্য পাতায় তাঁর গল্প প্রকাশিত হয়, যা লেখকজীবনে নতুন প্রেরণা জোগায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে নিউইয়র্কের বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষক এবং কর্নেল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের উচ্চপদে কাজ করার পাশাপাশি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিভিন্ন বিজ্ঞান ও চিকিৎসাবিষয়ক সাময়িকীতে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানী পরিচয়ের পাশাপাশি বাংলা কথাসাহিত্য ও মননশীল প্রবন্ধে তিনি গড়ে তুলেছিলেন স্বতন্ত্র অবস্থান। ছোটগল্প, উপন্যাস, কবিতা ও প্রবন্ধ—সব ক্ষেত্রেই ছিল তাঁর সাবলীল বিচরণ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০টির বেশি। সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষ, ধর্মীয় সংখ্যালঘু, নারীর অধিকার, মাতৃত্ব, পুরুষতন্ত্র এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল তাঁর লেখার গুরুত্বপূর্ণ বিষয়।

নারীবাদী চিন্তায় বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ যুক্ত করে তিনি বাংলা প্রবন্ধসাহিত্যে বিশেষ অবদান রাখেন। ‘নারী, সৃষ্টি ও বিজ্ঞান’, ‘নারী মাতৃত্ব ও সৃজনশীলতা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’, ‘নারী ভাবনা’, ‘বাংলার স্মরণীয় নারী’ এবং ‘বাংলার মুসলিম নারী জাগরণের পথিকৃৎ’ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। ২০১৪ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’ প্রবাসজীবনে একজন নারীর সংগ্রাম ও আত্মোপলব্ধির গল্প তুলে ধরে।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।

ব্যক্তিজীবনে ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তাঁর দীর্ঘদিনের পরিচিতজনদের স্মৃতিচারণায় উঠে এসেছে একজন প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক, মানবিক ও স্নেহশীল মানুষের প্রতিচ্ছবি। পাক্ষিক অনন্যার সাবেক নির্বাহী সম্পাদক হিসেবে তাঁর সঙ্গে কাজের স্মৃতি স্মরণ করে এক লেখক উল্লেখ করেছেন, পূরবী বসুর নারীবিষয়ক প্রবন্ধে বৈজ্ঞানিক চিন্তা, যুক্তি ও গভীর সমাজবিশ্লেষণের অনন্য সমন্বয় ছিল। বিশেষ করে মাতৃত্ব, নারী-পুরুষের সম্পর্ক এবং নারীর সামাজিক অবস্থান নিয়ে তাঁর লেখাগুলো বাংলা ভাষার মননশীল সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন।

নিউইয়র্কের মুক্তধারা বইমেলায় তাঁর সঙ্গে পরিচিতজনদের স্মৃতিতেও রয়ে গেছে এক মায়াময় মানুষ। ২০০৬-০৭ সালের দিকে বইমেলাকে ঘিরে নিউইয়র্কে এলে জ্যাকসন হাইটসের মুক্তধারা বইয়ের দোকানে বসে উলের সুতো দিয়ে নিপুণ হাতে সোয়েটার বুনতেন তিনি। তাঁর সেই সৃজনশীলতা, আন্তরিকতা ও সহজ-সরল উপস্থিতির স্মৃতি আজও অনেকের কাছে অমলিন।

জীবনের শেষদিকে অসুস্থতা সত্ত্বেও স্বজন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ ছিল তাঁর। তাঁর প্রয়াণে একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ও গবেষককেই হারাল না বাংলা ভাষাভাষী মানুষ; হারাল যুক্তিনিষ্ঠ, মানবিক ও প্রগতিশীল চিন্তার এক উজ্জ্বল কণ্ঠস্বর।

মানুষের জীবন থেমে যায়, কিন্তু তাঁর সৃষ্টি ও আদর্শ থেকে যায় প্রজন্মের পর প্রজন্মের জন্য। ড. পূরবী বসুও তাঁর সাহিত্যকর্ম, বিজ্ঞানমনস্কতা ও নারীজাগরণের চিন্তার মধ্য দিয়ে বাঙালির মননে বেঁচে থাকবেন।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন পূরবী বসু।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *