তিন সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা, নতুন অ্যালামনাই কমিটি ঘোষণা
বর্ণাঢ্য আয়োজন, স্মৃতিচারণ আর আবেগঘন পুনর্মিলনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড্ডা আলাতুন্নেছা হাই স্কুলের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরক জয়ন্তী উৎসব। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন স্কুলের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ব্যাচের তিন সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী।
বাড্ডার ৩০০ ফিট সড়কসংলগ্ন পূর্বাচলের সি-শেল রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম. এ. কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. এ এফ এম মাসুদ রাব্বানী। আয়োজনের সার্বিক সমন্বয়ে ছিলেন এ জি এম শামসুল হক।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। বিভিন্ন ব্যাচের নির্ধারিত রঙের পোশাকে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক বর্ণিল মিলনমেলায়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, আলোচনা, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও মধ্যাহ্নভোজ। প্রকাশ করা হয় স্মরণিকা এবং অংশগ্রহণকারীদের দেওয়া হয় স্মারক উপহার।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম. এ. কাইয়ুম বলেন, বাড্ডা আলাতুন্নেছা হাই স্কুলের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যকে সমুন্নত রেখেছেন। তিনি দলমত-নির্বিশেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় স্থায়ী তহবিল গঠনের আহ্বান জানান। এ উদ্যোগে নিজেও সহযোগিতার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন এ জি এম শামসুল হক এবং সাধারণ সম্পাদক হন ড. এ এফ এম মাসুদ রাব্বানী। পাশাপাশি ছয় সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা করা হয় ড. এম. এ. কাইয়ুমকে।
বিদ্যালয়ের জমিদাতা নুরু মিয়া, তাঁর ছেলে সাবেক কাউন্সিলর ওসমান গণি এবং প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত প্রয়াত ও জীবিত অবদানকারীদের প্রতি অনুষ্ঠানে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী ও বন্ধুদের কাছে পেয়ে অনেকেই ফিরে যান শৈশব-কৈশোরের স্মৃতিতে। দিনশেষে র্যাফেল ড্র ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় হীরক জয়ন্তীর আয়োজন। তবে দিনব্যাপী এই উৎসব শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি; বরং বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়ানোর নতুন প্রত্যয়ও তৈরি করেছে।
বি.দ্র. / আমরা চার ভাইবোনই এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমাদের চার ভাইবোনের একটি স্মৃতিময় ছবি রয়েছে। তবে দেশের বাইরে থাকায় ছবিটি তোলার সময় আমি উপস্থিত থাকতে পারিনি। আমার ভাগিনা তারিক হাসান ঋজু অত্যন্ত সুন্দরভাবে আমার ছবিটি সম্পাদনা করে সবার সঙ্গে যুক্ত করে দিয়েছে। এভাবেই ছবিতে পূর্ণতা পেয়েছে আমাদের চার ভাইবোনের স্মৃতি।
আশরাফুল ইসলাম আরিফ প্রণীত অন্যান্য প্রতিবেদন
লেখক ও সম্পাদক, ফিলাডেলফিয়াপত্রিকা


