বিশুদ্ধ পানির সন্ধানে গড়ে ওঠা ফিলাডেলফিয়ার ফেয়ারমাউন্ট পার্ক আজ প্রকৃতির অপরূপ স্বর্গরাজ্য
দুই শতাব্দী আগে পানীয় জলকে দূষণমুক্ত রাখতে শুরু হয়েছিল এক ঐতিহাসিক উদ্যোগ; সেই উদ্যোগেই গড়ে ওঠে হাজার হাজার একরের সবুজ উদ্যান, যা আজ ফিলাডেলফিয়ার অন্যতম প্রধান আকর্ষণ।
সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর, নদীর তীরে মনোরম প্রাকৃতিক দৃশ্য, সারি সারি গাছপালা আর হাঁটা ও সাইকেল চালানোর দীর্ঘ পথ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের বিখ্যাত ফেয়ারমাউন্ট পার্ক (Fairmount Park) আজ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। কিন্তু এই বিশাল উদ্যানের জন্মের পেছনে রয়েছে এক বিস্ময়কর ইতিহাস।
অবাক করার বিষয় হলো, প্রায় দুই শতাব্দী আগে ফেয়ারমাউন্ট পার্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল না মানুষের বিনোদন কিংবা সৌন্দর্যবর্ধন। বরং শহরের লাখো মানুষের পানীয় জলকে দূষণের হাত থেকে রক্ষা করতেই শুরু হয়েছিল এই ঐতিহাসিক উদ্যোগ।
ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ফিলাডেলফিয়ার পানীয় জলের অন্যতম প্রধান উৎস ছিল স্কুকিল নদী (Schuylkill River)। নদীতীরে নির্মিত ফেয়ারমাউন্ট ওয়াটার ওয়ার্কসের মাধ্যমে নগরবাসীর কাছে পানি পৌঁছে দেওয়া হতো।
তৎকালীন বিশ্বের অন্যতম আধুনিক পানি সরবরাহব্যবস্থা হিসেবে এটি ব্যাপক পরিচিতি লাভ করেছিল।

কিন্তু দ্রুত শিল্পায়নের ফলে পরিস্থিতি বদলাতে শুরু করে। নদীর দুই তীরে একের পর এক গড়ে ওঠে কলকারখানা, মিল ও পশু জবাইখানা। এসব প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে মিশে পানীয় জলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।
শহরের কর্তৃপক্ষ তখন উপলব্ধি করে, শুধু আধুনিক পানি সরবরাহব্যবস্থা নির্মাণ করলেই হবে না, পানির মূল উৎসকেও দূষণমুক্ত রাখতে হবে।
সেই ভাবনা থেকেই নেওয়া হয় এক যুগান্তকারী সিদ্ধান্ত—নদীর দুই তীরের জমি সরকারি নিয়ন্ত্রণে এনে শিল্পকারখানার বিস্তার বন্ধ করতে হবে।
১৮৪৪ সালে ফিলাডেলফিয়া কর্তৃপক্ষ ফেয়ারমাউন্ট ওয়াটার ওয়ার্কসের উজানে অবস্থিত ঐতিহাসিক লেমন হিল এস্টেট (Lemon Hill Estate) কিনে নেয়। ১৮৫৫ সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফেয়ারমাউন্ট পার্ক হিসেবে উৎসর্গ করা হয়।

এরপর শুরু হয় নদীতীরবর্তী জমি অধিগ্রহণের দীর্ঘ প্রক্রিয়া। একে একে ব্যক্তিমালিকানাধীন প্রাসাদ, খামারবাড়ি ও বিস্তীর্ণ জমি পার্কের অন্তর্ভুক্ত হতে থাকে।
১৮৬৭ সালে পেনসিলভানিয়া অঙ্গরাজ্য সরকার গঠন করে ফেয়ারমাউন্ট পার্ক কমিশন। কমিশনকে স্কুকিল নদী ও উইসাহিকন জলধারার আশপাশের জমি অধিগ্রহণের ক্ষমতা দেওয়া হয়। পানির উৎস রক্ষায় পার্কের সীমানার মধ্যে থাকা বিভিন্ন মিল ও শিল্পকারখানা বন্ধ করে অপসারণ করা হয়।
এই উদ্যোগের ফলে ধীরে ধীরে শিল্পাঞ্চলের পরিবর্তে নদীর দুই তীরে গড়ে উঠতে থাকে সবুজে ঘেরা বিশাল প্রাকৃতিক পরিবেশ।
১৯০০ সালের মধ্যে ফেয়ারমাউন্ট পার্কের আয়তন প্রায় তিন হাজার একরে পৌঁছে যায়। সে সময় এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগর উদ্যান হিসেবে পরিচিতি লাভ করে।
বর্তমানে ফিলাডেলফিয়ার সামগ্রিক পার্ক ও বিনোদনব্যবস্থার আওতায় রয়েছে ১০ হাজার একরেরও বেশি সবুজ ও উন্মুক্ত এলাকা।
ফেয়ারমাউন্ট পার্ক ও এর আশপাশের অঞ্চলে রয়েছে ঐতিহাসিক বোথাউস রো (Boathouse Row), ফিলাডেলফিয়া চিড়িয়াখানা, কেলি ড্রাইভ এবং উইসাহিকনের মনোমুগ্ধকর প্রাকৃতিক পথ। এসব স্থানে প্রতিদিন অসংখ্য মানুষ হাঁটাহাঁটি, দৌড়, সাইকেল চালানো, নৌবিহার ও পারিবারিক বিনোদনে সময় কাটান।

বিশেষ করে বসন্তে নতুন পাতার সবুজ সমারোহ, গ্রীষ্মে নদীতীরের স্নিগ্ধ পরিবেশ এবং শরতে গাছের পাতার লাল, হলুদ ও সোনালি রঙের অপরূপ সৌন্দর্য পার্কটিকে ভিন্ন ভিন্ন রূপে সাজিয়ে তোলে।
আজ ফেয়ারমাউন্ট পার্ক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়; এটি ফিলাডেলফিয়ার ইতিহাস, পরিবেশ সচেতনতা ও দূরদর্শী নগর পরিকল্পনার জীবন্ত সাক্ষী।
যে শহর একদিন পানীয় জলের দূষণ নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই শহরই প্রকৃতিকে রক্ষা করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে এক অমূল্য সম্পদ।
ফেয়ারমাউন্ট পার্কের প্রায় দুই শতাব্দীর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়—পরিবেশ রক্ষায় সময়োপযোগী একটি সিদ্ধান্ত শুধু বর্তমানের সংকটই দূর করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তৈরি করতে পারে এক সুন্দর ও বাসযোগ্য পৃথিবী।
বিশুদ্ধ পানির প্রয়োজনে যার যাত্রা শুরু, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আজ সেটিই ফিলাডেলফিয়ার গর্ব—ঐতিহাসিক ফেয়ারমাউন্ট পার্ক।
আশরাফুল ইসলাম আরিফ প্রণীত অন্যান্য প্রতিবেদন
লেখক ও সম্পাদক, ফিলাডেলফিয়াপত্রিকা


