বাংলা কাব্যের জগতে এক ভিন্নধর্মী সুবাস নিয়েই ‘হৃদপেয়ারার সুবাস’ বইটির প্রবেশ। কবিতার জগতে এ যেন এক নতুন বার্তা। কবি বদরুজ্জামান আলমগীর এই বইটির মাধ্যমে বাংলা কবিতায় প্রথমবারের মতো আমদানি করলেন কবিতার এক নতুন ধারা ‘প্যারাবলধর্মিতা’ (PARABLE)। বইটি পড়তে শুরু করলেই পাঠক চমকিত হবেন, বিস্মিত হবেন, আনন্দিত হবেন এবং মোহাবিষ্ট হবেন। মানবসমাজের গতিপ্রকৃতি, মানুষের মন, আধ্যাত্মিকতা, ধর্ম, বাস্তবতা, কুসংস্কার, আচার, রীতি, ইতিহাস, ঐতিহ্য সর্বোপরি মানুষের যাপিত জীবনের সংস্কৃতিই এই বইয়ের পাতায় পাতায় আটকে আছে। জীবনের চলার পথের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাজারো সমস্যা, সংগ্রাম আর অভিজ্ঞতাকে তিনি গেঁথে দিয়েছেন এক অনন্য গুচ্ছে। আর ফুলের মতো নীরবে, যতনে, সকলের অগোচরে ফলিয়েছেন কবিতার সুপক্ক একটি রক্তিম ফল।
ফুলের রং বাতাসে ভাসে, দোল খায়; কিন্তু তার সুবাস বাতাসে ডোবে। ফলের রূপটি দেখার জন্য, স্বাদ গ্রহণের জন্য ধারালো ছুরি দিয়ে একে তরমুজের মতো ফালি ফালি করে কাটতে হয়, নতুবা কমলার মতো খোসা ছাড়িয়ে সযত্নে একটা একটা করে কোয়া আলগা করতে হয়। বাংলা কাব্যসাহিত্যে ‘গদ্যকবিতা’ নামক ফুলটি ফুটেছে অনেক আগেই। কিন্তু “হৃদপেয়ারার সুবাস” ঠিক ফুল নয়, একে বরং ফল বলা যায়। আর তাই একে ‘গদ্যকবিতা’ না বলে ‘কবিতাগদ্য’ বললে এটি স্বরূপে মূর্ত হয়ে ওঠে। এই কবিতাগদ্যগুলো এক নতুন সুরে বাঁধা। কবির কণ্ঠস্বর এখানে মৃদু, ভাষা হৃদয়গ্রাহী আর বক্তব্য স্থিতধী। বহু ভাবের দ্যোতনা সৃষ্টি করেও লেখাগুলো একটা ঐক্যতানে এসে মেলে। কবি দ্রষ্টা হয়ে আবিষ্কার করেন বিশ্বজগতের বহু লুক্কায়িত সম্পর্ক এবং আমাদের সামনে নির্মোহভাবে তুলে ধরেন শিল্পীর আঁকা ছবির বিন্যাসে। ফলে বইটি পড়ার সময়ই আমাদের চোখের রঙিন ক্যানভাসে গভীর ব্যঞ্জনা নিয়ে বহুবর্ণিল চিত্রকল্প ভাসতে থাকে। আর তাই বইয়ের প্রথম লেখাতেই কবি তাঁর অভিপ্রায়ের চাবিটি এভাবে তুলে দেন আমাদের হাতে: “সাধক গোপন করার পক্ষে আর কবি তা প্রকাশ করেন।”
কবিতা বরাবরই একটা আন্দোলনের ভিতর দিয়ে এগিয়ে যায়। নির্মাণ, আঙ্গিক, বিন্যাস ও বুননে এ আন্দোলন পাঠকের মনে, সাহিত্যজগতে এক নিঃশব্দ তোলপাড় করে এগিয়ে যায়। মৃদুভাষণের মাধ্যমে যে শক্তিশালী কাব্যভাষার বিনির্মাণ বর্তমান বিশ্বে চলছে, “হৃদপেয়ারার সুবাসে” আমরা তার আঁচ পাই। এই কবিতাগদ্যগুলোতে কবির অন্বেষণ গভীর ও দূরস্পর্শী। মানবস্বভাবের গভীরতম বিন্দুটিতে তিনি নেমেছেন। আর তাই এখানে বিলাস আর বিষাদ দুই-ই বিদ্যমান। তিনি বিলাসকে শুধু সুখের আনুষঙ্গিক হিসেবে বিবেচনা করেননি, বরং এটিকে মানবজীবনের একটি আকাঙ্ক্ষা হিসেবে দেখেছেন। আর বিষাদকে দেখেছেন জীবনের একটি প্রয়োজন হিসেবে। এজন্যই এই কবিতাগদ্যগুলো থেকে মেঘের মধ্য দিয়ে বিদ্যুতের মতো তীব্র, প্রোজ্জ্বল ও পৌনঃপুনিক এই সত্যটি বিচ্ছুরিত হচ্ছে যে মানুষ অমৃতকে আকাঙ্ক্ষা করে এবং এই আকাঙ্ক্ষাই তার মনুষ্যত্বের পরম অভিজ্ঞান। আমরা এখানে খুঁজে পাই অলব্ধের জন্য অসহ্য বেদনাবোধ, যা মানবিক মনস্তত্ত্বের অনুগামী। কবির দুঃখ মূল্যবান আর সেজন্যই শুধু প্রেম বা সৌন্দর্য নয়, দুঃখ দ্বারা প্রজ্ঞাও অর্জন সম্ভব।
বইটির ভিতর প্রবেশ করলেই আমাদের সামনে একে একে খুলে যেতে থাকে ভাবনার, ভালোবাসার, জিজ্ঞাসার হাজারো দুয়ার। আমরা পাই আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর কাজী নজরুল ইসলাম নামে এক বস্তুনিষ্ঠ সংবেদনশীল সংবিধান। বইয়ের বহু পাতাতেই ছড়িয়ে আছে জাত-ধর্মের নামে কর্তৃত্ববাদী শোষণের কথা, আছে টেকনোলজিকে বাণিজ্যের রূপ দিয়ে সাধারণ মানুষের জান-মাল-শ্রম চুরি করে মুনাফাখোরদের সম্পদের পাহাড় গড়ার কথা। তথ্য যে জ্ঞান নয়, এই সত্য আমাদের মনে প্রতিভাত হয়ে ওঠে পিঁপড়া যে আমাদের শিক্ষক, মানুষ সবচেয়ে জ্ঞানী যখন সে অজ্ঞানী—কবির এই কথার মধ্য দিয়েই।

জীবনের সাফল্য-ব্যর্থতা নূহের প্লাবন, খনার বচন, বাউল সহজিয়াদের সুর আর হরিণের চাঞ্চল্যের মধ্যে নিহিত থাকে, নিহিত থাকে প্রকৃতির মাঝে। একটা বিশ্বযুদ্ধে এক পক্ষ জয়ী হলেও আসলে যে দানিউবের তীরে ষাট জোড়া বুটের কাছে এই পৃথিবীর সকল মানুষ পরাজিত হয়েছে, এই বেদনার বীণ আমরা শুনতে পাই এই কাব্যের গভীরে। মানিকের কুষ্ঠরোগীর বউ, যাদবের পাটীগণিত, সুফী ও প্রজাপতির সরব বিচরণের সঙ্গে আমরা পাই সৃষ্টি শিহরণের এক আধ্যাত্মিক ময়ূরতত্ত্ব। এক চলমান ভাঙাভাঙির ভিতর দিয়ে পরমাত্মার সন্ধানের খোয়াব দেখে আমাদের ব্যাকুল মন। আর তাই কবি আমাদের মনকে সম্পূর্ণ ফাঁকা আর নির্ভার করতে আহ্বান করেন। স্বাপ্নিক মনের স্বপ্নকে কবি শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ না করে আমাদেরকে মনে করিয়ে দেন ফ্রয়েডের বৈজ্ঞানিক তত্ত্বের কথা, মনে করিয়ে দেন ইয়ুঙের দার্শনিক স্বপ্ন ব্যাখ্যার দোদুল্যমানতাকে।
পৃথিবীর পূর্ব-পশ্চিমের শ্রেষ্ঠত্ব জাহিরের লড়াইয়ের মাঝেই আমরা দেখতে পাই কেমন করে বুদ্ধিজীবীরা রূপান্তরিত হন ক্ষমতার রাজনীতির ক্লাউনে। তবুও আমরা দেখি ফরিদউদ্দীন আত্তারের পাখিকে, আমরা শুনি মাঝির ভাটিয়ালী সুর। কৈ মাছ যে আমাদের বাপ-দাদাদের কিংবা তাদের বাপ-দাদাদের সহোদর, এই সত্য আবিষ্কারের মধ্য দিয়ে আমরা যেমন রক্তে এক ধরনের টান অনুভব করি, একই সঙ্গে আমাদের মনে হাহাকার জাগায় প্রাচ্য আর পাশ্চাত্যের বিচ্ছেদের সুর—“ন হন্যতে হন্যমানে শরীরে।”
জীবনানন্দের চিলের সাথে আমরা দেখি মিহি মসলিনের বুনন, একই সঙ্গে খুঁজে পাই কায়েস আহমদের মরণের পুরাণ। এ যেন মুক্তার জন্ম দিয়ে ঝিনুকের মরে যাওয়া, এ যেন কস্তুরী নাভীর গন্ধে মাতোয়ারা হরিণের ছুটে চলা। মনসুর হাল্লাজের এক স্তর থেকে আর এক স্তরে উত্তরণ যেন নদীর সমুদ্রের মাঝে বিলীন হওয়ার সত্য বাসনা। মৃত্যু মানেই ইহজগৎ থেকে পরজগতে গমন শুধু নয়, বরং প্রিয়জনের ভালোবাসায় অনন্তকাল বেঁচে থাকার এক তীব্র বাসনা। এমনকি হত্যাও মানুষকে নিঃশেষ করে দিতে পারে না, বরং প্রতি বিন্দু রক্তের মধ্যে তাঁর বারবার জন্ম হতে থাকে। আর তাই বদরুজ্জামান আলমগীরকে বলতে শুনি: “মৃত্যু এক অনবদ্য উপমা, ও আবিকল্প সত্যের নাম।”
আজিয়া পাগলা, বানেছা পরী, নিভস্বা বাউলের সঙ্গে কবি তুলে এনেছেন আমাদের ঠাকুর রবীন্দ্রনাথকে, যিনি মৃত্তিকা মুকুট পরে পৃথিবীর পথে ক্রমাগত অন্বেষা করে যান। সাপের ভয় উপেক্ষা করে কৃষ্ণকুঞ্জে যাওয়া রাধাকে দেখে মনে পড়ে মুখতার লুবিসের কথা, যিনি বলেছেন : “ভয় হল মানুষের সুস্থ, স্বাভাবিক এক সহজাত আবেগে।” আর এখানেই আশেকের সঙ্গে মাসুকের মিলনের প্রেম আকার-নিরাকার দুই রূপেই দীপ্যমান হয়ে ওঠে আমাদের চোখে। সাত স্তবক আসমান ঘুরে আসার পরও ওজুর পানি যেমন গড়িয়ে যেতেই থাকে, তখন আসলে সময় আর দূরত্বের হিসাব মেলানো যায় না। আক্তারুজ্জামান ইলিয়াস কেন অপারেশনের পর তাঁর কাটা পা নিয়ে আসতে চেয়েছিলেন, তার কারণও আমাদের অজানা। ইলিয়াডের প্রসঙ্গে মনে পড়ে কবি আবুল হাসানের কথা—“হোমার তিনি তো অন্ধ কবি ছিলেন”, কিন্তু তাঁর চেয়ে দিব্যদৃষ্টিতে এই জগৎ সংসারকে আর কে দেখেছেন?
ঔপনিবেশিক মধুর আড়ালে যে বিষ আমাদের গলা দিয়ে নামানো হয়েছে, তার বিষক্রিয়া থেকে আমরা আজও মুক্তি পাইনি; পুঁজিবাদের আবরণে আজ তার রমরমা পথচলা। আশাবাদী আর নিরাশাবাদীর গ্লাসের জল গ্লাসে রেখেই তৃষ্ণায় কাতর হয়ে আমরা মরতে প্রস্তুত, কিন্তু মিলেমিশে চলতে রাজি নই। দাদীমা আমাদেরকে শৈশবে নিয়ে যাওয়ার সময় মনে পড়ে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একশ বছরের নিঃসঙ্গতার উরসুলা আমারান্তার কথা; আর আমাদের অমর্ত্য সেন যেন সেই কর্নেল অরলিয়ানো বুয়েন্দিয়া। আধুনিক রাষ্ট্র স্বাধীনতার নামে কেমন করে আমাদের বন্দী রাখছে, তা বুঝতে পারি হৃৎপিণ্ডে যখন বুটের লেফট-রাইট আওয়াজ শুনি।

অদেখাকে দেখতে হলে চোখ নয়, মন লাগে; আর মনে যে মানুষ হয়, সেই বড় হয়, প্রচার কাউকে বড় করতে পারে না। পৃথিবীর ইতিহাস যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, শেষ পর্যন্ত সময়ের সঙ্গে মানুষের সম্পর্কে এসেই তা থামে। ইতিহাসের রাজনৈতিক নৃশংসতার চাবুকের দাগ মানুষের পিঠে রক্তজবার মতো ক্ষত তৈরি করেছে। এই পথপরিক্রমার নামই—“ট্রেইল অব টিয়ারস।”
বর্তমান পৃথিবীতে সবাই নিজের অজান্তেই একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে রাখেন। অথচ মা আর সন্তানের মতো সমিল চলন সম্ভব না হলে সবার শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। ধর্মে মানুষ শান্তি খোঁজে, সব ধর্মই প্রভুর সঙ্গে সকল জীব ও জড়কে ভালোবাসার কথা বলে। কিন্তু তারপরও ধর্মকে ঘিরেই আজ সর্বত্র হানাহানির দামামা। ধর্ম আজ রাজনীতি এবং ক্ষমতার সোপান। আর তাই বর্তমান পৃথিবীতে সর্বজনীন ধর্ম অসম্ভব। ঈশ্বর যদি নাও থাকেন, ধর্ম কিন্তু তার পবিত্রতা হারায় না।
বাতাসের শোঁশোঁ ধ্বনির ভিতর কবি শুনতে পান মানবজীবনের হাসি-কান্নার সকল সুর। এই জীবনের মধুরতম ডাক হল মা, যিনি নকশী কাঁথার মতো হাজারো সুঁইয়ের আঘাত সহ্য করে হন নির্ধনের ধন। একজন কবি কিভাবে কবিতা লেখেন, এর উত্তরে কবি বদরুজ্জামান আলমগীর নিজেই নিজেকে বলেন, “আমি তো কবিতা লিখি না, কবিতা লেখে সময়,—।” আর তাই আমরা অনুভব করি সময়ের শীর্ষবিন্দুতে গঠিত আর্তিই কবিতা। এক আজলা জলে তাই কবির তৃষ্ণা মেটে না, কেননা তাঁর তৃষ্ণা সর্বকালের, সর্বমানবের।
চৈতন্যের সঙ্গে সময়ের সংযোগের নাম চন্দ্রমুহূর্ত। একটি চাঁদই তাই আমাদের দোঁহাতে ভাসায়। নিঃসঙ্গতা আর একাকিত্বকে কবি চিহ্নিত করেন এভাবে—“নিঃসঙ্গতা একটি তীব্রতা, একাকিত্ব এক বিস্তার” এবং “একাকিত্ব অসুখ, নিঃসঙ্গতা ব্যাধি।” জন্ম ও মৃত্যু কোনোটিই একক বিষয় না। একটু একটু সংযোগের ভিতর দিয়ে যেমন একটি জন্মের ঘটনা ঘটে, তেমনি খণ্ড খণ্ড বিচ্ছিন্নতার ভিতর দিয়ে একটি মৃত্যু সংঘটিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের উজ্জ্বলতম পুরুষ, যিনি আমাদের জন্য নির্মাণ করে গেছেন পূর্ব-পশ্চিমের একটি সংযোগ সেতু। বাংলা ভাষাকে বিনির্মাণের মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে তুলে ধরেছেন বিশ্বসাহিত্যের প্রশস্ত আঙিনায়। “ব্যক্তির পূর্ব-পশ্চিম” নামক দীর্ঘ এক বাক্যের কবিতাগদ্যটিতে আমরা আমাদের এই মহান ঠাকুরের সর্বপ্লাবী বিস্তার টের পাই।
“দয়াময় বন্ধু চাদরের আড়াল থেকে আকস্মিক উদ্যত করে হন্তারকের ছোরা, চোখের টানা কাজলের রেখায় ফণা মেলে শঙ্খিনী সাপ”—বর্তমান সময়কে এই নিদারুণ চিত্রকল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে আনেন কবি তাঁর সহজাত প্রতিভায়। এই বইয়ের পাতায় পাতায় আটকে আছে এমন আরো অজস্র চিত্রকল্প। “আমার মুরশিদ গুনমণি গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা!”—বদরুজ্জামান আলমগীরের “হৃদপেয়ারার সুবাস” নামক বইয়ে আমরা সেই কাঞ্চা সোনার রূপ-রস-রং আর সুবাস পাই।

শিবলী জামান। জন্ম কিশোরগঞ্জের হাওরস্নাত নিকলী উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। প্রধানত কবি। গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক সহ শিল্প-সাহিত্যের অন্যান্য শাখাতেও লেখকের বেজায় আগ্রহ।



