মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের কোনো দুর্বলতা বা অবহেলা ছিল কি না, তা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ঘটনায় কোনো গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানাতেও মন্ত্রণালয়কে বলা হয়েছে।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের ১৪ দিন আগে সৌদি আরব প্রায় আড়াই হাজার বন্দীর একটি তালিকা পাঠিয়েছিল। ওই তালিকায় দুই বাংলাদেশি নাগরিকের নাম ছিল। তবে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি যথাযথভাবে চিহ্নিত করা হয়নি।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, তালিকায় বন্দীদের যে শ্রেণিবিন্যাস ছিল, তা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা হয়েছিল, সাজা ছয় মাস থেকে ১৫ বছরের কারাদণ্ডের মধ্যে হতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি তাঁরা বুঝতে পারেননি। এ বিষয়ে সৌদি আরবের কাছে কয়েকটি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর তা সংসদীয় কমিটিকে জানাতে বলা হয়েছে।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বলেন, কনস্যুলার কর্তৃপক্ষ আগে কেন বিষয়টি জানতে পারেনি, সেখানে কোনো দুর্বলতা বা অবহেলা ছিল কি না এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কেন আগাম তথ্য জানানো হয়নি—এসব বিষয় তাঁরা জানতে চেয়েছেন। তাঁর মতে, পুরো ঘটনা বিশ্লেষণ করলে ব্যবস্থাপনায় একটি দুর্বলতার বিষয় স্পষ্ট হয়।
বৈঠকে মধ্যপ্রাচ্য ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর নির্যাতনের বিষয়েও আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে থাকা বাংলাদেশি নারী শ্রমিকদের ১ থেকে ২ শতাংশ নির্যাতনের শিকার হন। কমিটি বলেছে, শতাংশের হিসাবে এই হার কম মনে হলেও মোট সংখ্যার বিচারে বিষয়টি গুরুতর। তাই এ ধরনের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি জানান, সৌদি আরবে বর্তমানে প্রায় ১ লাখ ৬৯ হাজার বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন। পাসপোর্ট নিতে আসার সময় তাঁদের কাছ থেকে তথ্য নেওয়া হয়। এ ছাড়া তৃতীয় পক্ষের মাধ্যমেও জরিপ করা হয়। তিনি বলেন, ১ হাজার ৩৬৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার করে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, ১ থেকে ২ শতাংশকে ছোট সংখ্যা মনে হলেও ১ হাজার ৩৬৪ জনের ঘটনা গ্রহণযোগ্য নয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। একই সঙ্গে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কনস্যুলেটের কোনো অবহেলা ছিল কি না, থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুনরাবৃত্তি ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—এসব বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।



