ড্রেক্সেল হিল, পেনসিলভেনিয়া : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং প্রবাসে নতুন প্রজন্মের সঙ্গে বাংলা বই ও সংস্কৃতির সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “পেনসিলভেনিয়া আন্তর্জাতিক বইমেলা ২০২৬”।
আয়োজক কমিটির উদ্যোগে আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট ২০২৬ তিন দিনব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হবে সপ্তক কালচারাল সেন্টার, ৩২০৫ মার্কাস রোড, ড্রেক্সেল হিল, পেনসিলভেনিয়া-তে।
মেলার প্রথম দিন শুক্রবার, ২৮ আগস্ট বিকাল ০৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং শনিবার ও রোববার, ২৯ ও ৩০ আগস্ট বিকাল ০৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
বইমেলায় বাংলা সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের বই, বিজ্ঞান ও আবিষ্কারবিষয়ক বইসহ নানা প্রকাশনা প্রদর্শন ও বিক্রি হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে লেখক, পাঠক, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক কমিটি বৃহত্তর ফিলাডেলফিয়া এলাকার প্রবাসী বাংলাদেশি সহ বাংলা ভাষা ও সংস্কৃতিপ্রেমী সবাইকে পরিবার-পরিজন নিয়ে বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের প্রত্যাশা, বইমেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



