আপার ডারবি (পেনসিলভানিয়া) : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অন্যতম বৃহৎ বাংলাদেশি সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনকের ২০২৭–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার সংগঠনের অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অক্টোবর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ অক্টোবর।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইউসুফ। কমিশনের অন্য সদস্যরা হলেন মোস্তফা কামাল খান, মোহাম্মদ সোলায়মান ইবনে মজিব, শাহাদাত হোসেন ও আশিকুর রহমান।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সদস্যরা ভোট দিতে পারবেন। ভোট প্রদানের সময় প্রত্যেক ভোটারকে ফটো আইডি দেখাতে হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কমিশন নির্বাচনী আচরণবিধিও নির্ধারণ করেছে।
নির্বাচন কমিশনের কার্যালয় ৬২ রিচফিল্ড রোড, আপার ডারবি, পেনসিলভানিয়া ১৯০৮২-এ অবস্থিত।



