ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৩০০ জনের বেশি মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে।
দেশটির ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইবোলা ছড়িয়ে পড়েছে। মে মাসে শুরু হওয়া এই প্রাদুর্ভাব আগস্টে ডিআর কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত হয়। বর্তমানে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৪৮ দশমিক ৬ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ এখনো এই মহামারির কেন্দ্রস্থল। অঞ্চলটি সংঘাতপ্রবণ হওয়ায় সেখানে আক্রান্ত এলাকায় পৌঁছানো এবং ভাইরাস নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে পড়েছে।
ডিআর কঙ্গোর বাইরে কেনিয়া, নাইজেরিয়া ও উগান্ডাতেও ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এটি ডিআর কঙ্গোর ইতিহাসে ১৭তম ইবোলা প্রাদুর্ভাব এবং ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব।
আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় জানিয়েছে, প্রাদুর্ভাব বন্ধ করতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আরও জোরদার করা, আক্রান্ত এলাকায় প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করা জরুরি। আক্রান্তদের শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি ইবোলার টিকা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে।
বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার প্রজাতিটি হলো বান্দিবুগিও। এই প্রজাতির বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। ডিআর কঙ্গোতে এর আগের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ২ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছিল।
ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব হয়েছিল পশ্চিম আফ্রিকায়, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে। ওই প্রাদুর্ভাবে ১১ হাজার ৩২৫ জনের বেশি মানুষ মারা যায় এবং ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ সতর্ক করেছে, ডিআর কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাব মানুষের জীবন আগের তুলনায় অনেক দ্রুত কেড়ে নিচ্ছে।
ইবোলা একটি বিরল ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। সাধারণত হঠাৎ করে উপসর্গ দেখা দেয়। রোগ বাড়ার সঙ্গে সঙ্গে বমি ও ডায়রিয়া হতে পারে এবং একপর্যায়ে অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি থাকে। কিছু রোগীর অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণও হয়। আক্রান্ত ব্যক্তির রক্ত, বমি বা অন্যান্য সংক্রমিত শারীরিক তরলের সংস্পর্শে এলে ভাইরাসটি একজন থেকে অন্যজনে ছড়াতে পারে।
প্রাদুর্ভাব মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও অন্যদের ওপর হামলাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চলতি সপ্তাহের শুরুতে ইবোলা সংক্রান্ত সতর্কবার্তায় সাড়া দিতে গিয়ে হামলার শিকার হয়ে এক নার্স নিহত এবং আরেক স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন। স্থানীয় কিছু তরুণ তাদের বিরুদ্ধে পানির উৎস দূষিত করা ও ভাইরাস ছড়ানোর অভিযোগ তোলে।
গত মাসে ইবোলা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার প্রচার চালানোর পর এক রাজনীতিককে পিটিয়ে হত্যা করা হয়। আগস্টে রেড ক্রস জানায়, প্রাদুর্ভাবের প্রথম ১০০ দিনে সহিংসতার ১১টি ঘটনায় তাদের স্বেচ্ছাসেবকেরা আহত হন এবং একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়।
উগান্ডায় প্রাদুর্ভাব শুরুর পরপরই দুজনের মৃত্যু এবং ২০টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছিল। তবে আগস্টের পর দেশটিতে আর কোনো নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি। ডিআর কঙ্গো থেকে সীমান্ত পেরিয়ে উগান্ডায় প্রবেশকারীদের ওপর এখনো ভ্রমণ বিধিনিষেধ রয়েছে। কেনিয়ায় ইবোলায় আক্রান্ত হয়েছেন নয়জন এবং মারা গেছেন দুজন। নাইজেরিয়ায় শনিবার দুটি সন্দেহভাজন ঘটনা শনাক্ত হয়েছে; তাদের আলাদা রেখে পরীক্ষা করা হচ্ছে।
ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, ইউরোপে সংক্রমণের ঝুঁকি খুবই কম।



