- পরিবার ও কমিউনিটির মিলনমেলায় স্মরণীয় এক দিন
হ্যাটফিল্ড, পেনসিলভেনিয়া প্রতিনিধি : আনন্দ, হাসি, উচ্ছ্বাস ও পারস্পরিক সম্প্রীতির আবহে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত হয়েছে হ্যাটফিল্ড জামে মসজিদ (HJM) ফ্যামিলি ফান ডে ২০২৬। পরিবার-পরিজনসহ কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
শিশু, তরুণ, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কর্মব্যস্ত জীবনের বাইরে পরিবার ও স্বজনদের নিয়ে একত্রিত হওয়ার সুযোগ পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি নানা আনন্দঘন মুহূর্তের স্মৃতি ক্যামেরাবন্দি করেন। এসব স্মরণীয় মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
হ্যাটফিল্ড জামে মসজিদ কর্তৃপক্ষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, কমিউনিটির সদস্যদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই HJM Family Fun Day 2026 একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়েছে।

আয়োজকদের মতে, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের পারিবারিক আয়োজন কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। বিশেষ করে নতুন প্রজন্মের সঙ্গে কমিউনিটির সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‘একসঙ্গে থাকলে আমাদের কমিউনিটি আরও শক্তিশালী’—এই প্রত্যয়কে সামনে রেখে ভবিষ্যতেও হ্যাটফিল্ড জামে মসজিদ কমিউনিটির সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

দিনভর আনন্দ-উচ্ছ্বাসে কাটানো এই আয়োজনের স্মৃতি ধরে রাখতে অংশগ্রহণকারীদের ছবি ও স্মৃতিচারণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করার আহ্বানও জানানো হয়েছে।


