
১১. ছোট কবিতার বড় ক্যানভাস
কবিতার ছোট-বড় পরিসর নিয়ে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি না। কবিতা কবিতাই। তার বিচার হবে তার ভেতরের শিল্প-সত্য, তার বোধ ও ভাষার তীব্রতায়, পরিসরের দৈর্ঘ্যে নয়। তবু যখন কেউ কেউ কেবল দীর্ঘকবিতা লিখেছেন বলেই নিজেকে গুরুত্বপূর্ণ ভাবেন এবং তাকেই কবিত্বের মাপকাঠি মনে করেন, তখন কথাটা এসে যায়। সময়ে সময়ে কবিতার রূপ বদলায়, পাঠকমাত্রই তা টের পান। একটা সময় ছিল যখন দীর্ঘ, আখ্যানধর্মী কবিতাই ছিল আধুনিকতার প্রধান লক্ষণ। কিন্তু নব্বই দশক থেকেই পরিসরে ছোট কবিতার একটি স্পষ্ট ও সচেতন চল লক্ষ করি। তার মানে এই নয় যে, এর আগে ছোট কবিতা লেখা হয়নি। রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গ থেকে শুরু করে আবুল হাসানের দুই লাইনের কবিতা পর্যন্ত তার উজ্জ্বল দৃষ্টান্ত আছে। তবে চোখে পড়ার মতো করে, একটি ধারা হিসেবে, একটি প্রবণতা হিসেবে ছোট পরিসরের কবিতার চর্চা বেড়েছে নব্বই, শূন্য দশক এবং শূন্য-পরবর্তী সময় থেকে আজ অবধি। এবং তা নানা বিচিত্র পর্যায়ে, নানা স্বরে। এর পেছনে হয়তো অনেক কারণ আছে। সময়ের অভিঘাত, নগর-জীবনের দ্রুততা, কবি ও পাঠকের বদলে যাওয়া মনোযোগের আয়ু, ফেসবুকীয় পাঠ-অভ্যাস, সবই এর সাথে যুক্ত। সে নিয়ে আলাদা একটি বিস্তৃত আলোচনা হতে পারে। এই লেখায় আমি কেবল তিনজন ভিন্ন প্রজন্মের ও ভিন্ন ভূগোলের কবির তিনটি ছোট পরিসরের কবিতা নিয়ে কথা বলতে চাইছি। আমার বক্তব্য হলো, পরিসরে ছোট বলেই তার বিষয় বা ক্যানভাস ছোট হবে, এমন ভাবা মোটেও ঠিক নয়। বরং অনেক সময় ছোট কবিতাই সবচেয়ে বড় ক্যানভাসকে ধারণ করে।
‘এই পাখি বার্তাবহ
শীতের,
আর শীত পৃথিবীর ছোটবোন’
(দূত, মাহবুব কবির)
‘দূত’ মাহবুব কবিরের এই কবিতাটির শিরোনামেই তার পুরো কবিতা বাস করে। এটি তিন স্তরের রূপকের কবিতা। প্রথম স্তর, পাখি। এখানে পাখি শুধু পাখি নয়, সে দূত। আমাদের গ্রামবাংলায় অতিথি পাখি যেমন সাইবেরিয়া থেকে শীতের খবর নিয়ে আসে, তেমনি এই পাখি কোনো ব্যক্তিগত চিঠি বয়ে আনে না, সে ঋতুর খবর আনে। সে জানান দেয়—সময় বদলাচ্ছে, প্রস্তুত হও। দ্বিতীয় স্তর, শীত। এই উপমাটাই কবিতার প্রাণ। আমরা সাধারণত শীতকে রুক্ষ, কঠিন, নিষ্ঠুর ভাবি। কিন্তু কবি তাকে বলছেন ‘পৃথিবীর ছোটবোন’। ছোটবোন মানে অভিমানী, আদুরে, একটু শীতল কিন্তু ভীষণ আপন, যাকে চাদরে জড়িয়ে রাখতে হয়। শীতকে এভাবে পরিবারের সদস্য বানিয়ে দেওয়াটা একেবারে মৌলিক এবং কোমল। এর শিল্পগুণ তিনটি জায়গায়। এক, উপমার নতুনত্ব। বাংলা কবিতায় শীত নিয়ে হাজার উপমা আছে—কুয়াশা, কাঁথা, মৃত্যু, রিক্ততা। কিন্তু ‘পৃথিবীর ছোটবোন’—এই উপমাটি আগে ব্যবহৃত হয়নি। দুই, শব্দের মিতব্যয়িতা। ‘বার্তাবাহক’ শব্দটা তৎসম ও ভারী, আর ‘ছোটবোন’ একেবারে মুখের ভাষা। এই ভারী ও হালকা শব্দের পাশাপাশি বসা কবিতাটিকে আধুনিক ও একই সাথে লোকজ করে তুলেছে। তিন, এর দর্শন। পাখি থেকে শীত, আর শীত থেকে পৃথিবী। ক্ষুদ্র থেকে বৃহতে যাওয়া। বার্তাটি হলো, প্রকৃতি বিচ্ছিন্ন নয়, সবাই সবার আত্মীয়। ছোট পরিসরে এত বড় বোধই এর সার্থকতা।
‘এক শব্দের কবিতা লিখতে হলে যা কখনো লিখবো না আমি
তুমি’
(অনিন্দ্য রায়)
আঙ্গিকগত দিক থেকে কবিতাটি অদ্ভুত। শিরোনাম নেই, প্রথম পঙক্তি বোল্ট করে লেখা, নিচে স্পেস নিয়ে তুমি শব্দটি ছোট স্বাভাবিক। পশ্চিমবঙ্গে বসবাসরত নব্বই দশকের কবি অনিন্দ্য রায়ের এই অণু-কবিতাটি একই সাথে কবিতা এবং কবিতা সম্পর্কে কবিতা, যাকে আমরা বলি মেটা-পোয়েট্রি। কবি যেন বলছেন, যদি কখনো এক শব্দের কবিতা লিখতে হয়, তবে তিনি যা কখনো লিখবেন না, তা হলো ‘তুমি’। আমার পাঠে এখানেও তিনটি স্তর আছে। প্রথমত, অস্বীকারের ভেতর স্বীকার। তিনি বলছেন ‘লিখবো না’, কিন্তু লিখে ফেললেন। না-লেখার ঘোষণা দিয়েই লেখা হয়ে গেল। এটা এক ধরনের কাব্যিক পরিহাস। যা অস্বীকার করতে চান, সেটাই থেকে যায়।
দ্বিতীয়ত, ‘আমি-তুমি’ বাংলা কবিতার সবচেয়ে ব্যবহৃত ও ক্ষয়প্রাপ্ত শব্দবন্ধ। নব্বই দশকের কবিদের প্রধান সংকট ছিল, প্রেমের কবিতা কীভাবে লেখা হবে যাতে তা শামসুর রাহমান, আল মাহমুদ বা জয় গোস্বামীর পুনরাবৃত্তি না হয়। কবি সেই ভিত্তিকেই অস্বীকার করতে চাইছেন।
তৃতীয়ত, এটি নব্বইয়ের দর্শন। আশি দশক পর্যন্ত কবিতা ছিল ‘আমি ও তুমি’ কেন্দ্রিক। নব্বইয়ের কবিরা চেয়েছেন আমি-তুমির বাইরে যেতে। সেখানে আসবে শহর, বিচ্ছিন্নতা, দ্রোহ, আত্মবিদ্রূপ। তাই ‘আমি তুমি’ না লেখার অঙ্গীকার মানে, প্রেমের সহজ সরল পথ ছেড়ে কঠিন পথে হাঁটার অঙ্গীকার। এর শিল্পমূল্য এর বিরোধাভাসে। ‘লিখবো না’ বলেই লেখা। এগারোটি শব্দে একটি কাব্য-আন্দোলনের ইশতেহার বলে ফেলা হয়েছে। পাঠককে ভাবতে বাধ্য করে, তাহলে কবি কী লিখবেন? সেই শূন্যস্থান পূরণের দায়িত্ব পাঠকের। এটাই আধুনিক কবিতা।
‘বৃষ্টি হলে চপ্পল-জোড়ার কথা খুব মনে পড়ে
মাটির বারান্দায় অসহায়ের মতো ভিজতো
ওকে মাড়িয়ে যেত কেঁচো
কাদায় মাখামাখি শরীর
এখনো স্মৃতি নিয়ে পড়ে আছে আমার করতলে’
(চপ্পলজোড়া / মেহনাজ মুস্তারিন)
নামে সাধারণ মনে হলেও, ভেতরে ভীষণ অসাধারণ। এটা চপ্পলের কবিতা নয়, এটা ফেলে আসা জীবনের কবিতা। কবি নস্টালজিয়ার জন্য বেছে নিলেন সবচেয়ে অবহেলিত একটা বস্তুকে। ‘অসহায়ের মতো ভিজতো’—এটা চপ্পলের বিশেষণ নয়, এটা মানুষের বিশেষণ। চপ্পলকে তিনি মানুষ বানিয়ে দিলেন। ‘ওকে মাড়িয়ে যেত কেঁচো’- কতটা তুচ্ছ, অবহেলিত হলে তাকে কেঁচোও মাড়িয়ে যায়। ‘কাদায় মাখামাখি শরীর’—শরীর শব্দটি ব্যবহার করে চপ্পলকে তিনি জীবন্ত করে তুললেন। কবিতার আসল জাদু শেষ লাইনে। ‘এখনো স্মৃতি নিয়ে পড়ে আছে আমার করতলে’। এতক্ষণ চপ্পল পড়ে ছিল মাটির বারান্দায়, এখন পড়ে আছে কবির করতলে, মানে হাতের তালুতে। মাটির বারান্দা থেকে করতলে, এই উত্তরণটাই কবিতা। যা একসময় পায়ে ছিল, অবহেলায় ছিল, আজ তা হাতে উঠে এসেছে, স্মৃতি হয়ে পবিত্র হয়ে গেছে।
এর গুরুত্ব বা বিশেষত্ব তিনটি কারণে। এক, অ-বিষয়কে বিষয় করার সাহস। বড় কবির লক্ষণই হলো তুচ্ছকে মহৎ করা। দুই, ভাষার সংযম। কোনো বাড়তি অলঙ্কার নেই, একেবারে মুখের ভাষা—‘খুব মনে পড়ে’, ‘মাখামাখি’। তিন, এটি শেষ পর্যন্ত স্পর্শের কবিতা। ‘করতলে’ শব্দটি দিয়ে তিনি দৃষ্টি থেকে স্পর্শে নিয়ে গেলেন। পাঠকের মনে হয়, সত্যিই তার হাতের তালুতে ভেজা, কাদা মাখা একটা অতীত পড়ে আছে।
এই তিনটি কবিতাই প্রমাণ করে, ছোট কবিতা ছোট নয়। একটি পাখির ডাকে পুরো পৃথিবী, একটি ‘তুমি’ না-লেখার ভেতরে পুরো প্রেমের ইতিহাস, আর একজোড়া চপ্পলে পুরো ফেলে আসা জীবন, এভাবেই ছোট কবিতা বড় ক্যানভাস হয়ে ওঠে।
স্ক্রল করে দেখা ধারাবাহিক পড়তে এখানে ক্লিক করুন

মাসুদার রহমান। কবি। জন্ম ১ সেপ্টেম্বর ১৯৭০, জয়পুরহাট, বাংলাদেশ। নব্বইয়ের দশকের কবি হিশেবে মান্য ও মূল্যায়িত হয়ে আসছেন। ‘হাটের কবিতা’, ‘ডাকবাংলো’, ‘হরপ্পা’, ‘ভ্যান গঘের চশমা’, ‘জোনাকিবাগান’ প্রভৃতি কবিতাবই তার সতেরোটি প্রকাশিত বইয়ের মধ্যে কয়েকটি। বেরিয়েছে একাধিক নির্বাচিত কবিতা, একাধিক শ্রেষ্ঠ, কবিতাসংগ্রহ প্রথম খণ্ড।



